ঠিক কখন কথা বলা শুরু করেছিল মানুষ বা হোমো স্যাপিয়েন্স? সেই নিয়ে গবেষণা বহু বছরের। এ বার আফ্রিকার এক গুহার ভিতরে এমন কিছু জিনিস ইতিহাসবিদেরা পেয়েছেন, যা পরখ করে তাঁরা ইঙ্গিত পেয়েছেন, যে কবে কথা বলা শুরু করেছিল মানুষ।
আফ্রিকার ওই গুহা থেকে বেশ কিছু ভাঙা ঝিনুক, খোদাই করা পাথর, পাথরের তৈরি হাতিয়ার মিলেছে। প্রত্নতাত্ত্বিকেরা মনে করছেন, পরস্পরের সঙ্গে ভাবের আদানপ্রদান না হলে এ সব জিনিস তৈরি সম্ভব নয়। কারণ কোনও এক জন এই সব তৈরি করেননি। আর সেই ভাবের আদানপ্রদান হয়েছিল ভাষার মাধ্যমে, মনে করেন বিজ্ঞানীরা।
ইতিহাসবিদদের একটা বড় অংশের ধারণা ছিল, সাংস্কৃতিক পরিবর্তনের সঙ্গে যোগ রয়েছে কথা বলার। মোটামুটি ৫০ হাজার বছর আগে মানুষ প্রথম কথা বলতে শুরু করে। তবে ইতিহাসবিদদের অন্য একটি অংশ মনে করেন, মানুষ তারও অনেক আগে থেকে কথা বলে ভাব বিনিময় করেছে। এ ক্ষেত্রে তাঁরা জিনগত পাঠকে কাজে লাগিয়েছেন। তাঁরা কোনও জীবাশ্ম বা কঙ্কালের অবশেষ পরীক্ষায় আটকে না-থেকে সেগুলির ডিএনএ পরীক্ষা করেছেন। জানতে চেয়েছেন, কত বছর আগে কথা বলতে শুরু করেছিল মানুষ?
গবেষণায় দেখা গিয়েছে, প্রায় এক লক্ষ ৩৫ হাজার বছর আগে কথা বলতে পেরেছিল আধুনিক মানুষ। তা ঘটেছিল আজকের আফ্রিকায়। কথা বলা পরস্পরের সঙ্গে যোগাযোগের মাধ্যম হয়েছিল আরও পরে। প্রায় এক লক্ষ বছর আগে। প্রায় তিন লক্ষ বছর আগে আধুনিক মানবের জন্ম।
আরও পড়ুন:
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির একদল বিজ্ঞানী এই নিয়ে গবেষণা করেছিলেন। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘ফ্রন্টিয়ার্স ইন সাইকোলজি’ পত্রিকায়। গবেষকেরা মূলত খতিয়ে দেখেছেন, ঠিক কখন আধুনিক মানবের বড়সড় কোনও দল ভেঙে গিয়েছে। জিন পরীক্ষা করে দেখা গিয়েছে, প্রায় এক লক্ষ ৩৫ হাজার বছর আগে প্রথম সেই ঘটনা হয়েছিল আফ্রিকায়। যখন একটি দল থেকে অন্য দল বিচ্ছিন্ন হয়েছে, তখন তাদের জিনগত বা বংশগত উপাদানও ভেঙেছে। বংশলতিকায় অনেক শাখা-প্রশাখা তৈরি হয়েছে। এই এক-একটি দল এক-একটি জায়গায় গিয়েছে। সেখানে গিয়ে তৈরি হয়েছে তাদের নতুন সংস্কৃতি, ঐতিহ্য।
বিজ্ঞানীরা বলছেন, সেই বিচ্ছেদ সত্ত্বেও আজও সব মানব গোষ্ঠীর কথা বলার ক্ষমতা কিন্তু একই রকম। তারা সকলে অর্থবহ কথা বলতে পারে। অর্থহীন কথাবার্তা কোনও মানব গোষ্ঠীই বলে না। এর থেকেই বিজ্ঞানীদের ধারণা, গোষ্ঠী ভেঙে যাওয়ার আগেই কথা বলতে শিখেছিল আধুনিক মানব। তার পর সেই ক্ষমতাই ক্রমে এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে। নয়তো যে কোনও একটি গোষ্ঠীর যোগাযোগের প্রক্রিয়া অন্তত ভিন্ন হত। কিন্তু তা হয়নি। বিজ্ঞানীদের মতে, মানব গোষ্ঠীতে প্রথম বার ভাঙন ধরার আগেই প্রায় এক লক্ষ ৩৫ হাজার বছর আগে সম্ভবত কথা বলতে শুরু করেছিল আধুনিক মানব। তার পরে তাদের সেই ক্ষমতাই ক্রমেই ছড়িয়ে পড়ে। তবে বিজ্ঞানীরা এ-ও মনে করেন, আজ যে ভাবে আধুনিক মানুষ কথা বলে, ওই সময়ে সে ভাবে কথা বলত না। ভাষায় সাংস্কৃতিক বৈচিত্র্য এসেছে অনেক পরে।
আরও পড়ুন:
প্রায় এক লক্ষ বছর আগে কথা বলে পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হয় মানুষ। আর তারই প্রভাব স্পষ্ট হয়েছে আফ্রিকার গুহা থেকে মেলা ওই জিনিসপত্রে। মনে করা হচ্ছে, সেগুলির বয়সও ওই এক লক্ষ বছর মতো হবে। তার অনেক আগেই কথা বলতে শুরু করেছিল মানুষ।