Advertisement
E-Paper

Pig Kidney’s Transplantation: মানুষের শরীর মেনে নিল শুয়োরের কিডনিকে, আশ্চর্য সাফল্য শল্য চিকিৎসায়

প্রতিস্থাপন করার মতো কিডনির অভাবে মানুষের মৃত্যু হয়তো এ বার ঠেকানো সম্ভব হবে। বিকল হয়ে যাওয়া কিডনির কাজ আর ডায়ালিসিসের মাধ্যমে চালিয়ে যেতে হবে না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ১৩:০৮
অন্য প্রাণীর কিডনিকে মানবদেহ এ বার হয়তো মেনে নিতে পারবে বিনা বাধায়, বিনা আপত্তিতে। -ফাইল ছবি।

অন্য প্রাণীর কিডনিকে মানবদেহ এ বার হয়তো মেনে নিতে পারবে বিনা বাধায়, বিনা আপত্তিতে। -ফাইল ছবি।

বহু শতাব্দীর কাঙ্ক্ষিত একটি মাইলফলক ছুঁয়ে ফেলল কিডনি প্রতিস্থাপনের চিকিৎসাপদ্ধতি।

প্রতিস্থাপন করার মতো কিডনির অভাবে মানুষের মৃত্যু হয়তো এ বার ঠেকানো সম্ভব হবে। বিকল হয়ে যাওয়া কিডনির কাজ আর ডায়ালিসিসের মাধ্যমে চালিয়ে যেতে হবে না। অন্য প্রাণীর কিডনিকে মানুষের শরীরের মানানসই করেই প্রতিস্থাপন করা যাবে সফল ভাবে। অন্য প্রাণীর থেকে আনা সেই কিডনি মানবদেহে কাজ করবে একেবারে মানুষের কিডনির মতোই। অন্য প্রাণীর কিডনিকে মানবদেহ মেনে নিতে পারবে বিনা বাধায়, বিনা আপত্তিতে।

এই যুগান্তকারী চিকিৎসাপদ্ধতি যে শুধুই কল্পনার বিষয় নয়, সম্ভব হতে পারে বাস্তবেও, তা প্রমাণ করে দেখালেন বার্মিংহামের আলাবামা বিশ্ববিদ্যালয়ের শল্য চিকিৎসকরা। জিনগত ভাবে উন্নত করা শুয়োরের দু’টি কিডনিকে তাঁরা নিখুঁত ভাবে প্রতিস্থাপিত করেছেন আর অন্য প্রাণীর সেই কিডনি দু'টিকে মেনে নিতে মানবশরীরের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা কোনও বাধা দেয়নি। মেনে নিয়েছে বিনা আপত্তিতে।

অভিনব এই কিডনি প্রতিস্থাপনের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞান গবেষণা পত্রিকা ‘আমেরিকান জার্নাল অব ট্রান্সপ্ল্যান্টেশন’-এর ১৯ জানুয়ারি সংখ্যায়। এই পদ্ধতি নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর জন্য আমেরিকার ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন' (এফডিএ)-এর অনুমোদনও মিলেছে বলে গবেষকরা জানিয়েছেন।

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ‘‘এই সফল প্রতিস্থাপন চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। এর ফলে, কিডনি তো বটেই, মানবদেহের বিকল হয়ে যাওয়া বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের পরিবর্তে অন্য প্রাণীর অঙ্গ প্রতিস্থাপনের সব জটিলতা দূর হওয়ার পথ খুলল। প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় অঙ্গপ্রত্যঙ্গের অপ্রতুলতা আর শল্য চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। কিডনি-সহ বিভিন্ন প্রতিস্থাপনযোগ্য অঙ্গের অভাবে মানুষের মৃত্যুর আশঙ্কা অনেকটাই কমানো সম্ভব হবে।’’

আমেরিকার ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব ডায়াবিটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজেজ’-এর দেওয়া পরিংসখ্যান জানাচ্ছে, স্তন বা প্রস্টেটের ক্যানসারে বিশ্বে ফি-বছর যত মানুষের মৃত্যু হয়, কিডনির বিভিন্ন অসুখে মৃত্যু-হার তার চেয়ে অনেক বেশি। কিডনির বিভিন্ন রোগের অন্তিম পর্যায়ে প্রতিস্থাপন ছাড়া আর কোনও উপায় থাকে না। শুধু আমেরিকাতেই ফি-বছর প্রায় ২৫ হাজার কিডনি প্রতিস্থাপিত হয়। মূল সমস্যা হয় প্রতিস্থাপনযোগ্য মানুষের কিডনির অপ্রতুলতা। তার জন্য ডায়ালিসিস করে কিডনির কাজ কৃত্রিম ভাবে চালিয়ে রোগীকে বাঁচিয়ে রাখতে হয়। কিন্তু এই প্রক্রিয়া বেশি দিন চালিয়ে কোনও রোগীকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। শুধু আমেরিকাতেই ডায়ালিসিস চলা অবস্থায় প্রতি দিন মৃত্যু হয় গড়ে প্রায় ২৫০ জনের। কিডনির অসুখে মৃত্যু-হার ও ডায়ালিসিস চলা অবস্থায় মৃত্যু-হার ভারতেও প্রায় একই রকম। ভারতে প্রতি বছর কিডনির বিভিন্ন রোগে শয্যাশায়ী হন গড়ে প্রায় আট থেকে ১০ লক্ষ মানুষ।

এই পরিস্থিতিতে চিকিৎসকদের কাছে একমাত্র কাম্য হয়ে ওঠে অন্য প্রাণীর কিডনি। অন্য প্রাণীর কিডনি মানুষের শরীরে প্রতিস্থাপনের পদ্ধতিকে চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় বলা হয়, ‘জেনোট্রান্সপ্ল্যান্টেশন’।

কিন্তু এই পদ্ধতির কিছু প্রতিবন্ধকতা ছিল। তাই গত শতাব্দীর ছয়ের দশকে শিম্পাঞ্জির কিডনি মানুষের শরীরে প্রতিস্থাপনের চেষ্টা সফল হয়নি। শিম্পাঞ্জি মানুষের অনেক কাছের প্রজাতি হওয়া সত্ত্বেও। ওই সময় যে ১৩ জন কিডনি রোগীর দেহে শিম্পাঞ্জির কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল তাঁদের ১০ জনেরই মৃত্যু হয়েছিল দু’-তিন সপ্তাহের মধ্যে। কারণ, মানুষের দেহের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা শিম্পাঞ্জির কিডনি মেনে নিতে চায়নি। তাই সেই কিডনি মানুষের শরীরে বেশি সময় ধরে কাজও করতে পারেনি। আটের দশকের গবেষণায় বিজ্ঞানী, চিকিৎসকদের এই ধারণা জন্মায় যে, শুয়োরের কিডনি হয়তো মানুষের শরীর মেনে নেবে। কারণ, আকারে, আকৃতিতে শুয়োরের কিডনি অনেকটাই মানুষের কিডনির মতো। আটের দশকে এক রোগীর দেহে শুয়োরের কিডনি প্রতিস্থাপিতও করা হয়। কিন্তু ৫৪ ঘণ্টার বেশি তা সক্রিয় থাকেনি।

এর কারণ ছিল, মানবদেহের আরও নানা ধরনের প্রতিরোধ। অন্য প্রাণী থেকে নেওয়া অঙ্গের বিরুদ্ধে। তার মধ্যে অন্যতম, মানবরক্তের তঞ্চন (‘ব্লাড ক্লটিং’)। আটের দশকে শুয়োরের কিডনি নেওয়া রোগীর তাই রক্তের তঞ্চন হয়েছিল কিছু দিনের মধ্যেই। মানবরক্তের চাপও শুয়োর বা মনুষ্যেতর প্রাণীর চেয়ে বেশি। সেই বাড়তি চাপ নেওয়াও সম্ভব হয়নি শুয়োর থেকে নেওয়া প্রতিস্থাপিত কিডনির।

তাই গবেষকরা এ বার শুয়োরের কিডনির ১০টি জিনকে আলাদা ভাবে সম্পাদনা করে নিয়েছিলেন গবেষণাগারে। যাতে সেগুলি মানবদেহে প্রতিস্থাপনের পর একেবারে মানুষের কিডনির মতোই কাজ করে। সেই কিডনিকে যেন মানবদেহের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা বাইরের শত্রু বলে মনে না করে। যেন সেই কিডনি মানবরক্তের তঞ্চন না ঘটায়। রক্ত সংবহন যেন অব্যাহত থাকে মানবদেহে। শুয়োরের ওই জিনগুলি উন্নত করার কাজটি করা হয়েছিল সব রকমের ভাইরাস, ব্যাক্টেরিয়া, ছত্রাক-মুক্ত পরিবেশে। সেই শুয়োরটিকেও রাখা হয়েছিল একই রকম পরিবেশে, দীর্ঘ দিন।

তার পর বার্মিংহামের আলাবামা বিশ্ববিদ্যালয়ের মারনিক্স ই হিরসিঙ্ক স্কুল অব মেডিসিনের ট্রান্সপ্ল্যান্ট ইনস্টিটিউটের অধিকর্তা জেমি লকের নেতৃত্বে একটি গবেষকদল জিনগত ভাবে উন্নত করা শুয়োরের দু’টি কিডনি এক মৃত্যুপথযাত্রীর দেহে বসিয়ে দেন। রোগীর একেবারে বিকল হয়ে যাওয়া দু’টি কিডনি সরিয়ে। তার পর যত ক্ষণ সেই রোগী বেঁচেছিলেন সেই টানা ৭৭ ঘণ্টা ধরে একেবারে মানুষের কিডনির মতোই কাজ করতে দেখা গিয়েছে শুয়োরের জিনগত ভাবে উন্নত করা দু’টি কিডনিকে, মানবশরীরে।

যে মৃত্যুপথযাত্রীর শরীরে এই সফল প্রতিস্থাপনের পরীক্ষা করা হয়েছে তাঁর নাম জিম পার্সনস। তিনি চেয়েছিলেন মৃত্যুর পর তাঁর অঙ্গগুলি যেন অন্য মানুষের সেবায় কাজে লাগে। তাঁর কিডনি সেই কাজ করতে পারেনি বটে, তবে তাঁর শরীরেই সম্ভব হয়েছে এই সফল কিডনি প্রতিস্থাপন। তারই স্বীকৃতি হিসাবে গবেষকরা এই পদ্ধতির নাম দিয়েছেন, ‘দ্য পার্সনস মডেল’।

kidney
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy