Advertisement
E-Paper

বিশ্বকাপে ‘না’, অন্য প্রতিযোগিতায় ‘হ্যাঁ’! ১৫ ফেব্রুয়ারিই অন্য ক্রিকেট মাঠে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে না বলে জানিয়েছে পাকিস্তান। অথচ সে দিনই অন্য একটি প্রতিযোগিতায় মুখোমুখি হতে চলেছে দুই দল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৪
cricket

টি-টোয়েন্টি বিশ্বকাপে কি গ্যালারিতে এই দৃশ্য দেখা যাবে? —ফাইল চিত্র।

পাকিস্তান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাকি সব ম্যাচ খেললেও ভারতের বিরুদ্ধে খেলবে না। সে দিনই অন্য একটি ক্রিকেট প্রতিযোগিতায় মুখোমুখি হতে চলেছে দুই দল। সেই প্রতিযোগিতায় নামতে কোনও আপত্তি নেই পাকিস্তানের।

বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। সেই ম্যাচ তারা খেলবে না বলে জানিয়েছে পাকিস্তান সরকার। সে দিনই তাইল্যান্ডে মহিলাদের রাইজ়িং স্টার্স এশিয়া কাপ প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তানের খেলা রয়েছে। তাতে আপত্তি নেই পাকিস্তানের।

মহিলাদের ‘এ’ দলের খেলোয়াড়দের নাম জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে জানানো হয়েছে, ১৫ ফেব্রুয়ারি খেলতে নামবে তারা। বিবৃতিতে পাক বোর্ড বলেছে, “ভারত ‘এ’, সংযুক্ত আরব আমিরশাহি ও নেপালের সঙ্গে একই গ্রুপে রয়েছে পাকিস্তান ‘এ’। ১৫ ফেব্রুয়ারি, দুপুর ২টো থেকে শুরু হবে ভারত-পাকিস্তান ম্যাচ।”

‘ক্রিকইনফো’ জানিয়েছে, এখনও পর্যন্ত পাকিস্তান ‘এ’ দলের ক্রিকেটারদের কোনও নির্দেশ বোর্ড পাঠায়নি। ভবিষ্যতে নির্দেশ আসবে, তেমন সম্ভাবনাও প্রায় নেই। তারা নিজেদের মতো করে প্রস্তুতি সারছে।

রাইজ়িং স্টার্স এশিয়া কাপের আয়োজক এশীয় ক্রিকেট কাউন্সিল। তার প্রধান মহসিন নকভি, যিনি আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও প্রধান। অর্থাৎ, নকভির নেতৃত্বেই সেই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেখানে খেলতে আপত্তি নেই পাকিস্তানের।

ঘটনাচক্রে, গত কয়েক মাসে ছোটদের পুরুষদের ক্রিকেটেও চার বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। রাইজ়িং স্টার্স এশিয়া কাপে এক বার, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দু’বার ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এক বার। চার বারই দুই দলের ক্রিকেটারেরা হাত মেলাননি। কিন্তু খেলেছেন। পাকিস্তান যে সময় ভারত-ম্যাচ বয়কটের কথা ঘোষণা করেছে, তখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ চলছিল।

India vs Pakistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy