Advertisement
E-Paper

পাকিস্তানের ক্রিকেটে আবার বাবর-যুগ, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে নেতৃত্ব দেবেন, সরিয়ে দেওয়া হল মাসুদকে

বাবর আজ়মের নেতৃত্বে পাকিস্তান ২০টি টেস্ট খেলে ১০টি জিতেছিল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় জিতেছিল। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সফরে গিয়ে চুনকাম করে ফিরেছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১২:৫৫
Picture of Cricket

বাবর আজ়ম। ছবি: এক্স।

পাকিস্তানের ক্রিকেটে আবার রদবদল। টেস্ট দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হল শান মাসুদকে। দায়িত্বে ফিরিয়ে আনা হল বাবর আজ়মকে। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে আসন্ন দু’টেস্টের সিরিজ়ে নেতৃত্ব দেবেন বাবর।

দ্বিতীয় বার পাকিস্তানের টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পেলেন বাবর। টেস্ট সিরিজ়ের দল নির্বাচনের আগেই মাসুদকে দায়িত্ব থেকে সরিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রত্যাশাপূরণ করতে না পারায় মাসুদের উপর আস্থা হারিয়েছেন মহসিন নকভিরা। মাসুদের নেতৃত্বে ১৬টি টেস্ট খেলেছে পাকিস্তান। তার মধ্যে ১২টি হেরে গিয়েছে তারা। বাংলাদেশের কাছে জোড়া টেস্ট সিরিজ় হারও রয়েছে তালিকায়। তহবে বাবরকে কত দিনের জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে, তা নির্দিষ্ট করে জানায়নি পিসিবি।

ক্রিকেটের ইতিহাসে আর কোনও টেস্ট অধিনায়ক তাঁদের প্রথম ১৬টি টেস্টের ১২টিতেই হারেননি। শুধু তাই নয়, পাকিস্তানকে অন্তত ১৬টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন এমন ১০ অধিনায়কের প্রায় কেউ এত টেস্ট হারেননি। শুধু মিসবা উল হক ১৯টি টেস্ট হেরেছিলেন অধিনায়ক হিসাবে। তবে তিনি নেতৃত্ব দিয়েছিলেন ৫৬টি টেস্টে। তা ছাড়া অধিনায়ক মাসুদ শেষ সাতটি টেস্টে টানা হেরেছেন। যা পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে যুগ্ম ভাবে সর্বোচ্চ।

অধিনায়ক মাসুদের উপর আস্থা হারালেও ব্যাটার মাসুদের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট নন পিসিবি কর্তারা। অধিনায়ক হিসাবে তাঁর ব্যাটিং গড় ৩৪.০৬। অধিনায়ক হওয়ার আগে তাঁর ব্যাটিং গড় ছিল ২৮.৫১। তাই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের দলে তিনি থাকবেন বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, বাবরকে সরিয়েই মাসুদকে টেস্ট দলের অধিনায়ক করেছিল পাকিস্তান।

বাবরের নেতৃত্বে পাকিস্তান ২০টি টেস্ট খেলে ১০টি জিতেছিল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় জিতেছিল। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সফরে গিয়ে চুনকাম করে ফিরেছিল। নেতৃত্ব হারানোর পর বাবরের ব্যাটিংয়েও প্রভাব পড়ে। ক্রিকেটের তিন ফরম্যাটেই ফর্ম হারান। তবু টেস্টে কিছু রান করেছেন। নেতৃত্ব হারানোর পর লাল বলের ক্রিকেটে বাবরের ব্যাটিং গড় ২৭-র কাছাকাছি। অধিনায়ক থাকার সময় টেস্টে তাঁর ব্যাটিং গড় ছিল ৫০-র বেশি।

Pakistan Cricket test cricket Babar Azam Captaincy Shan Masood PCB

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy