টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল ঘোষণা করে দিল বোর্ড। প্রথম বার জাতীয় দলে ডাক পেলেন নন্দিনী শর্মা। দলে নেওয়া হয়েছে উইকেটকিপার-ব্যাটার যস্তিকা ভাটিয়া এবং অলরাউন্ডার রাধা যাদবকেও। হরমনপ্রীত কৌরের দলে জায়গা পেয়েছেন মোট ১৫ জন ক্রিকেটার। এই দলটিই বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলবে।
গত মরসুমের ডব্লিউপিএলে দিল্লির হয়ে সবচেয়ে বেশি ১৭টি উইকেট নিয়েছিলেন নন্দিনী। সোফি ডিভাইনের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে ছিলেন তিনি। তার পুরস্কার দেওয়া হয়েছে। চোটের কারণে জায়গা পাননি অলরাউন্ডার আমনজ্যোৎ কৌর। তাঁর জায়গায় দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন কাশ্বী গৌতম। তিনিও চোট পেয়ে বাদ পড়েছেন। গৌতমের ডান হাঁটুতে অস্ত্রোপচার হবে। জায়গা হয়নি অনুষ্কা শর্মা এবং উমা ছেত্রীর।
চোটের কারণে দীর্ঘ দিন দলের বাইরে ছিলেন যস্তিকা। গত বছরের অগস্টে ভারত এ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর তাঁর এসিএল অস্ত্রোপচার হয়। তিনি ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন, যার শেষটি ২০২৪-এর এপ্রিলে।
নন্দিনী প্রথম বার আন্তর্জাতিক স্তরে নামতে চলেছেন। নিখুঁত বোলিং এবং বৈচিত্রের কারণে দলে নেওয়া হয়েছে। গুজরাতের বিরুদ্ধে নিজের দ্বিতীয় ডব্লিউপিএল ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন নন্দিনী। পরে ভারত এ দলের হয়ে রাইজ়িং স্টার্স এশিয়া কাপে খেলেছেন। রাধাকে বাদ দেওয়া হয়েছিল টি-টোয়েন্টি দল থেকে। তিনি আবার ফিরলেন।
হরমনপ্রীত এই নিয়ে পঞ্চম বার বিশ্বকাপকে দেশকে নেতৃত্ব দেবেন। দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে তিনিই সর্বোচ্চ রান করেছেন।
আরও পড়ুন:
ভারতীয় দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, জেমাইমা রদ্রিগেজ়, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, অরুন্ধতী রেড্ডি, রেণুকা ঠাকুর, ক্রান্তি গৌড়, শ্রী চরণী, শ্রেয়াঙ্কা পাতিল, ভারতী ফুলমালি, যস্তিকা ভাটিয়া, নন্দিনী শর্মা এবং রাধা যাদব।
বিশ্বকাপে ভারতের ম্যাচে ১৪ জুন, পাকিস্তানের বিরুদ্ধে বার্মিংহামে। এর পর তারা খেলবে নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। গ্রুপের সেরা দু’টি দল সেমিফাইনালে খেলবে।