Advertisement
E-Paper

বৈভবের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের, ইংল্যান্ড সফরে পাঠানো হতে পারে বাবা-মাকেও, কোচের দাবি, ‘পোস্টার বয়’ পেয়েছে ভারত

মাত্র ১৬ বছর বয়সে সচিন তেন্ডুলকরের অভিষেক হয়েছিল, তখন দাদা অজিত গিয়েছিলেন তাঁর সঙ্গে। বৈভব সূর্যবংশীর অভিষেক হতে পারে আরও কম বয়সে। তার জন্য বিশেষ ব্যবস্থা করতে চলেছে বোর্ড। জানা গিয়েছে, বৈভবের সঙ্গে পাঠানো হবে তাঁর বাবা-মাকেও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ২২:৫১
cricket

বৈভব সূর্যবংশী। ছবি: সমাজমাধ্যম।

১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানে যখন সচিন তেন্ডুলকরের অভিষেক হয়েছিল, তখন দাদা অজিত গিয়েছিলেন তাঁর সঙ্গে। বৈভব সূর্যবংশীর অভিষেক হতে পারে আরও কম বয়সে। ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলে সুযোগ পেয়েছে সে। তার জন্য বিশেষ ব্যবস্থা করতে চলেছে বোর্ড। জানা গিয়েছে, বৈভবের সঙ্গে পাঠানো হবে তাঁর বাবা-মাকেও।

দেশের হয়ে প্রথম সুযোগেই বিদেশ সফরে যাচ্ছে বৈভব। যদিও এর আগে সে দেশে গিয়ে যুব দলের টেস্ট খেলেছে। তবে জাতীয় দলের হয়ে খেলা অন্য রকম অনুভূতি। বৈভব যাতে চাপে না থাকে, সে কারণেই তার বাবা-মাকে সঙ্গে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।

‘স্পোর্টস্টার’ ওয়েবসাইটে এ কথা বলেছেন বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া। তাঁর কথায়, “যে হেতু বৈভবের বয়স অনেকটাই কম, তাই আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে ওর সঙ্গে বাবা-মাকেও পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। নতুন পরিবেশের সঙ্গে বৈভবকে মানিয়ে নিতে সাহায্য করবেন ওঁরা। বোর্ড সমস্ত খরচ বহন করবে।”

এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরে গিয়েছে বৈভব। তবে এখন থেকেই নজর রয়েছে তার দিকে। বোর্ড চায়, বৈভব সমস্ত রকমের সহায়তা পাক। আন্তর্জাতিক ক্রিকেটে তার মানিয়ে নিতে যেন কোনও অসুবিধা না হয়। কারণ এই বয়সে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলানোর অভিজ্ঞতা সকলের থাকে না। এ কারণেই বৈভবকে বিশেষ সুবিধা দিতে চাইছে বিসিসিআই।

এ দিকে, বৈভবের ছোটবেলার কোচ মণীশ ওঝা বলেছেন, “বৈভব এবং ওর পরিবারকে অনেক শুভেচ্ছা। আমাদের সকলের কাছে গর্বের মুহূর্ত। সচিনের পর ভারতীয় দলে এত কম বয়সে কেউ নির্বাচিত হল। কোচ হিসাবে আমিও গর্বিত। আশা করি বিসিসিআই এ বার ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের ‘পোস্টার বয়’ পেয়ে গিয়েছে। আশা করি সকলের প্রত্যাশা পূরণ করার মতো পারফরম্যান্স করবে।”

Vaibhav Sooryavanshi BCCI Devajit Saikia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy