Advertisement
E-Paper

সূর্যকে সরিয়ে শ্রেয়স অধিনায়ক, নেতৃত্ব বদলের পর উত্তরসূরিকে নিয়ে মুখ খুললেন প্রাক্তন, চুপ থাকলেন না রোহিতও

সূর্যকুমার যাদবকে সরিয়ে ভারতের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আয়ারকে। এই ঘোষণার পর শ্রেয়সকে নিয়ে মুখ খুলেছেন সূর্য ও রোহিত শর্মা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ২২:১৩
cricket

(বাঁ দিক থেকে) রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, মুম্বই ক্রিকেট সংস্থার সভাপতি অজিঙ্ক নায়েক ও শ্রেয়স আয়ার। ছবি: এক্স।

বিশ্বকাপ জেতানোর পরেও চাকরি থাকল না সূর্যকুমার যাদবের। তাঁকে সরিয়ে ভারতের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আয়ারকে। এই ঘোষণার পর শ্রেয়সকে নিয়ে মুখ খুলেছেন সূর্য। মুখ খুলেছেন সূর্যের পূর্বসূরি রোহিত শর্মাও।

ঘটনাচক্রে শনিবার মুম্বই টি-টোয়েন্টি লিগে শ্রেয়স বনাম সূর্যের দলের খেলা ছিল। সেখানেই টসের পর শ্রেয়সের বিষয়ে প্রশ্ন করা হয় সূর্যকে। জবাবে তিনি বলেন, “শ্রেয়স ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ায় আমি খুব খুশি। আমরা মুম্বইয়ের হয়ে একসঙ্গে এত বছর খেলেছি। খুব ভাল লাগছে যে, ভারতের শেষ তিন জন টি-টোয়েন্টি অধিনায়কই মুম্বইয়ের।”

রোহিতের নাম না নিলেও তাঁকে টেনেছেন সূর্য। ২০২৪ সালে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পর ছোট ফরম্যাট থেকে অবসর নেন রোহিত। তার পর সূর্যকে অধিনায়ক করা হয়। দু’বছর পর তিনিও ভারতকে বিশ্বকাপ জেতান। তার পর সরিয়ে দেওয়া হল তাঁকে। এ বার শ্রেয়সের পালা। উত্তরসূরিকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন।

মুম্বইয়ের লিগের বিপণন দূত রোহিত। এই ম্যাচে তিনিও ছিলেন মাঠে। রোহিতও মুখ খুলেছেন শ্রেয়সকে নিয়ে। তিনি বলেন, “গত কয়েক বছরে আইপিএলে ওকে অধিনায়কত্ব করতে দেখেছি। ভারতের হয়েও শ্রেয়স ভালই করবে। মুম্বই থেকে যারা ভারতের অধিনায়ক হয়েছে, তারা প্রত্যেকেই একটা কথা জানে। সহজে কিছু পাওয়া যায় না। অধিনায়কত্ব অর্জন করতে হয়। শ্রেয়স সেটা করেছে। ও অধিনায়ক হওয়ার যোগ্য।”

পাশাপাশি সূর্যের কীর্তির কথাও বলেছেন রোহিত। ভারতের প্রাক্তন টি-টোয়েন্টি অধিনায়কের কথায়, “৩০, ৩১ বছর বয়সে সূর্যের অভিষেক হয়েছে। ও কখনও হাল ছাড়েনি। যা সুযোগ পেয়েছে, দু’হাত দিয়ে লুফে নিয়েছে। অধিনায়কত্বের ক্ষেত্রেও তাই। ও ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। এই কীর্তি কম নয়।”

শুধু অধিনায়কত্ব নয়, ভারতের আগামী তিনটি টি-টোয়েন্টি সিরিজ়ের দল থেকে বাদও দেওয়া হয়েছে সূর্যকে। দল থেকে বাদ পড়ে ১১ শব্দে প্রতিক্রিয়া দিয়েছেন সূর্য। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজ়ের জন্য ঘোষিত ভারতীয় দলের ক্রিকেটারদের নাম দেন তিনি। সঙ্গে লেখেন, “উইশিং দিস হাইলি স্কিলড গ্রুপ অল দ্য বেস্ট ফর চ্যালেঞ্জেস অ্যাহেড।” যার বাংলা অর্থ, “সামনে কঠিন চ্যালেঞ্জের জন্য এই অত্যন্ত প্রতিভাবান দলকে শুভেচ্ছা জানাই।” সূর্যের কথা থেকে ইঙ্গিত, তিনি হয়তো আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে, নেতৃত্ব হারাবেন। তাই মানসিক ভাবে প্রস্তুত ছিলেন তিনি।

ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজ় এবং এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করার পর সাংবাদিক বৈঠকে আগরকর জানিয়েছেন, কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁরা। আগরকর বলেন, “এই বছরই বিশ্বকাপ জেতার পর সূর্যকে সরানোর সিদ্ধান্ত খুব কঠিন ছিল। কিন্তু বেশির ভাগ বিশ্বকাপের পরেই এটা হয়। আমাদের দেখতে হয়, আগামী দিনে কে দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে।”

অধিনায়ক হিসাবে বিশ্বকাপ জিতলেও সূর্যের ব্যাটিং ফর্ম ভাল ছিল না। সেটাও সূর্যের জায়গা হারানোর একটি কারণ। তবে সেটিই একমাত্র কারণ নয় বলে জানিয়েছেন আগরকর। তিনি বলেন, “ওর ফর্ম একটা কারণ অবশ্যই। কিন্তু ওটাই একমাত্র কারণ নয়। আমাদের পরের দু’বছরের দিকে তাকাতে হয়েছে। আমাদের মনে হয়েছে এটাই সেরা সময়। শ্রেয়স অধিনায়ক হওয়ার যোগ্য। তাই ওকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। ফলে নতুন অধিনায়ক করা হয়েছিল সূর্যকে। কিন্তু সূর্য তো অবসর নেননি। তবে তাঁকে যখন একটি দলেও নেওয়া হয়নি, তখন জল্পনা শুরু হয়েছে, ভারতীয় দলে সূর্যকে দেখতে পাওয়ার সম্ভাবনা ভবিষ্যতে খুব কম। আগরকর জানিয়েছেন, তাঁরা সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। তিনি বলেন, “কঠিন সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এখন আর পিছনের দিকে তাকাতে পারব না। সামনের দিকে তাকাতে হবে। নতুন অধিনায়ক দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আমার মতে, আমরা সঠিক সিদ্ধান্তই নিয়েছি।”

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সূর্য জানিয়েছিলেন, তাঁর পরবর্তী লক্ষ্য ২০২৮ সালে অলিম্পিক্সে সোনা জেতা ও সে বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা। কিন্তু এর পর তিনি আর ভারতীয় দলে সুযোগ পাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

Suryakumar Yadav Rohit Sharma Shreyas Iyer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy