প্রত্যাশা মতোই ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারিয়েছেন সূর্যকুমার যাদব। শুধু নেতৃত্ব যাওয়া নয়, ভারতের টি-টোয়েন্টি দলে জায়গাও হারিয়েছেন তিনি। চলতি বছরই ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। তার পরেও কেন অধিনায়কত্বের পদ থেকে সূর্যকে সরিয়ে দেওয়া হল, সেই ব্যাখ্যা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগরকর।
ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজ় এবং এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করার পর সাংবাদিক বৈঠকে আগরকর জানিয়েছেন, কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁরা। আগরকর বলেন, “এই বছরই বিশ্বকাপ জেতার পর সূর্যকে সরানোর সিদ্ধান্ত খুব কঠিন ছিল। কিন্তু বেশির ভাগ বিশ্বকাপের পরেই এটা হয়। আমাদের দেখতে হয়, আগামী দিনে কে দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে।”
অধিনায়ক হিসাবে বিশ্বকাপ জিতলেও সূর্যের ব্যাটিং ফর্ম ভাল ছিল না। সেটাও সূর্যের জায়গা হারানোর একটি কারণ। তবে সেটিই একমাত্র কারণ নয় বলে জানিয়েছেন আগরকর। তিনি বলেন, “ওর ফর্ম একটা কারণ অবশ্যই। কিন্তু ওটাই একমাত্র কারণ নয়। আমাদের পরের দু’বছরের দিকে তাকাতে হয়েছে। আমাদের মনে হয়েছে এটাই সেরা সময়। শ্রেয়স অধিনায়ক হওয়ার যোগ্য। তাই ওকে দায়িত্ব দেওয়া হয়েছে।”
২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। ফলে নতুন অধিনায়ক করা হয়েছিল সূর্যকে। কিন্তু সূর্য তো অবসর নেননি। তবে তাঁকে যখন একটি দলেও নেওয়া হয়নি, তখন জল্পনা শুরু হয়েছে, ভারতীয় দলে সূর্যকে দেখতে পাওয়ার সম্ভাবনা ভবিষ্যতে খুব কম। আগরকর জানিয়েছেন, তাঁরা সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। তিনি বলেন, “কঠিন সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এখন আর পিছনের দিকে তাকাতে পারব না। সামনের দিকে তাকাতে হবে। নতুন অধিনায়ক দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আমার মতে, আমরা সঠিক সিদ্ধান্তই নিয়েছি।”
আরও পড়ুন:
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সূর্য জানিয়েছিলেন, তাঁর পরবর্তী লক্ষ্য ২০২৮ সালে অলিম্পিক্সে সোনা জেতা ও সে বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা। কিন্তু এর পর তিনি আর ভারতীয় দলে সুযোগ পাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। দল থেকে বাদ পড়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ১১ শব্দে প্রতিক্রিয়া দিয়েছেন সূর্য।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজ়ের জন্য ঘোষিত ভারতীয় দলের ক্রিকেটারদের নাম দেন তিনি। সঙ্গে লেখেন, “উইশিং দিস হাইলি স্কিলড গ্রুপ অল দ্য বেস্ট ফর চ্যালেঞ্জেস অ্যাহেড।” যার বাংলা অর্থ, “সামনে কঠিন চ্যালেঞ্জের জন্য এই অত্যন্ত প্রতিভাবান দলকে শুভেচ্ছা জানাই।” সূর্যের কথা থেকে ইঙ্গিত, তিনি হয়তো আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে, নেতৃত্ব হারাবেন। তাই মানসিক ভাবে প্রস্তুত ছিলেন তিনি।