Advertisement
E-Paper

লিঙ্গ নিশ্চিতকরণ অস্ত্রোপচারের সিদ্ধান্ত অনয়ার, সন্তানের ইচ্ছাপূরণের সব খরচ দেবেন বঙ্গার

আগামী মার্চে লিঙ্গ নিশ্চিতকরণ অস্ত্রোপচার করাবেন নিয়েছেন অনয়া বঙ্গার। তার জন্য থাইল্যান্ডে এক মাস থাকতে হবে তাঁকে। ছ’মাস ক্রিকেট খেলতে পারবেন না। সন্তানের অস্ত্রোপচারের খরচ বহন করবেন সঞ্জয় বঙ্গার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৭
picture of cricket

অনয়া বঙ্গার। —ফাইল চিত্র।

বাবা-মায়ের আপত্তি মানেননি অনয়া বঙ্গার। প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বঙ্গারের সন্তান ছেলে থেকে মেয়ে হওয়ার সিদ্ধান্ত নেন। এ বার লিঙ্গ নিশ্চিতকরণ অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছেন অনয়া। আগামী মাসে তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা। সন্তানের অস্ত্রোপচারের সব খরচ বহন করবেন ভারতীয় দলের প্রাক্তন সহকারী কোচ।

২০১১ সালে লিঙ্গ পরিবর্তনে সিদ্ধান্ত নেন। ১০ মাসের প্রক্রিয়ার পর আরিয়ান থেকে অনয়া হয়েছিলেন। সে সময় বাবার সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল তাঁর। তবে এখন সম্পর্ক স্বাভাবিক। সন্তানের ইচ্ছা মেনে নিয়েছেন বঙ্গার। এ বার অনয়ার যে অস্ত্রোপচার হবে তার নাম ‘ভ্যাজিনোপ্লাস্টি’। অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর পুরুষাঙ্গের জায়গায় কৃত্রিম ভাবে স্ত্রীঅঙ্গ স্থাপন করা হবে। অনয়া বলেছেন, ‘‘মার্চে তাইল্যান্ডে আমার লিঙ্গ নিশ্চিতকরণ অস্ত্রোপচার হবে। তার পর কিছু দিন বিশ্রামে থাকতে হবে। ছ’মাস মতো খেলতে পারব না। পোশাক শিল্পী সাইশা শিন্ডে এবং অভিনেত্রী ত্রিনেত্রা হালদার গুমারাজু এই অস্ত্রোপচার করিয়েছেন। তাঁদের পরামর্শ নিয়েছি। তাইল্যান্ডের যে ক্লিনিকে ওঁরা অস্ত্রোপচার করিয়েছিলেন, আমিও সেখানে করাব। এক মাস মতো ওখানে থাকতে হবে। শেষ পর্যন্ত এটা করাতে পেরে আমি খুশি।’’

অনয়া আরও বলেছেন, ‘‘এই অস্ত্রোপচারের জন্য আমাকে পাঁচ মাস অপেক্ষা করতে হয়েছে। আমি লিঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেছিলাম, তার সঙ্গে আমার কোনও মিল ছিল না। লিঙ্গ নিশ্চিতকরণ অস্ত্রোপচারের সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া নয়। দীর্ঘ দিন ধরে নিজেকে প্রশ্ন করেছি, সত্যিই আমি প্রস্তুত কিনা। মানসিক এবং চিকিৎসা মুল্যায়নেও সাহায্য নিয়েছি।’’

বাবার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়া নিয়ে অনয়া বলেছেন, ‘‘বাবা প্রথমে বিষয়টা মানতে পারেননি। কিন্তু বাবা দেখলেন সকলে বিষয়টাকে সহজ ভাবে নিচ্ছেন। সকলে আমার সঙ্গে কথা বলছে, ছবি তুলছে, সম্মান করছে, তখন মত বদলান। আমার জীবন নিয়ে স্বাধীন ভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছেন বাবা-মা। এ বারের অস্ত্রোপচারের সব খরচ বাবাই দেবেন। বাড়ির সকলে আমার পাশে রয়েছেন।’’

অনয়া নিজেও ক্রিকেটার। যশস্বী জয়সওয়াল, মুশির খানদের সঙ্গে খেলেছেন এক সময়। লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ায় এখন আর খেলতে পারেন না।

Sanjay Bangar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy