আবার শিরোনামে রবি শাস্ত্রী। আবার তাঁর একটি ভুলের জন্য। ভারত-ইংল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টসের পর হল সেই ভুল। ভারতীয় দল প্রথমে ব্যাট নিয়েছে না বল, তাই বুঝতে ভুল করলেন তিনি। তাতে চমকে গেলেন শ্রেয়স আয়ারও।
টস জিতে ভারত অধিনায়ক শ্রেয়স প্রথমেই বলে দেন, প্রথমে ব্যাট করবেন তাঁরা। শ্রেয়সের সঙ্গে কথা বলার পর শেষে শাস্ত্রী আবার জিজ্ঞাসা করেন, “তোমরা ফিল্ডিং করছ তো?” সেটা শুনে চমকে যান শ্রেয়স। কয়েক সেকেন্ড থেমে তিনি বলেন, “আমরা প্রথমে ব্যাট করছি।”
শাস্ত্রীর এই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। তাঁর ভুল নিয়ে মজা করছেন অনেকে। তাঁদের মতে, শাস্ত্রী বোধহয় ম্যাচের আগেই খানিকটা মদ্যপান করে ফেলেছেন। তাই ব্যাটিং, বোলিং গুলিয়ে ফেলেছেন তিনি। কেউ কেউ আবার বলছেন, শাস্ত্রীর মন কোন দিকে রয়েছে? আদৌ কি খেলার দিকে মন রয়েছে তাঁর?
আরও পড়ুন:
তবে শাস্ত্রীর এই ভুল নতুন নয়। আগেও অনেক বার খেলোয়াড়ের নাম বলতে গিয়ে ভুল করেছেন তিনি। কখনও আবার অন্য কোনও পরিসংখ্যান দিতে গিয়ে গুলিয়ে ফেলেছেন। তা নিয়ে সমাজমাধ্যমে মজা হয়েছে। সেই এক ভুল আরও এক বার করলেন শাস্ত্রী।