সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছিল তারা। সাদা বলের ক্রিকেটে দুই ফরম্যাটেই দাপট দেখালেও লাল বলের ক্রিকেটে তারা ব্যর্থ হচ্ছে। গত বছর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে চুনকাম হতে হয়েছে। নেপথ্যে দলের রূপান্তরকেই (ট্রানজ়িশন) দায়ী করলেন কোচ গৌতম গম্ভীর। নাম না করেই রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দায়ী করেছেন তিনি। স্বীকার করলেন, ব্যর্থ হলে তার দায় তিনি নিজেই নেবেন।
‘রেভস্পোর্টজ়’-এ দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, “লোকের উচিত নিজেদের কাজটা ঠিক ভাবে করা। যে দলটা নিউ জ়িল্যান্ডের কাছে চুনকাম হয়েছিল সেই দলের থেকে দক্ষিণ আফ্রিকার কাছে হারা দল অনেক আলাদা ছিল। আপনারা দুটো একসঙ্গে মিলিয়ে দেখছেন। তাতে ঠিক আছে। আমাকে চাপে রাখাই অনেকের লক্ষ্য। তাতে আপত্তি নেই।”
গম্ভীরের সংযোজন, “দুটো সিরিজ়ে খেলা দলের প্রথম একাদশটা দেখুন। নিউ জ়িল্যান্ডের কাছে হারা দলের প্রথম একাদশের অভিজ্ঞতা এবং দক্ষিণ আফ্রিকার কাছে হারা দলের অভিজ্ঞতায় আকাশ-পাতাল তফাত। অতীতে কখনও রূপান্তর নিয়ে কথা বলিনি। তার মানে এই নয় যে দলে রূপান্তর হচ্ছে না।” অর্থাৎ গম্ভীর বুঝিয়ে দিয়েছেন নিউ জ়িল্যান্ড সিরিজ়ে অভিজ্ঞ ক্রিকেটারেরা থাকা সত্ত্বেও দল হেরেছে। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনভিজ্ঞ দলকে দোষ দেওয়া যায় না।
আরও পড়ুন:
দল ব্যর্থ হলে তার দায় যে তাঁর এটা স্বীকার করে নিয়েছেন গম্ভীর। বলেছেন, “সাপোর্ট স্টাফদের সমালোচনা করায় আপত্তির কিছু নেই। হারের দায় আমার। ফলাফলের দায় আমার। সকলের আগে আমি হাত তুলে বলব, হ্যাঁ, যে ফল চেয়েছিলাম তা পাইনি। তবে এটাও ভেবে দেখুন, এই দলটাই ইংল্যান্ডে গিয়ে অবিশ্বাস্য সাফল্য পেয়েছে।”