Advertisement
E-Paper

বিশ্বকাপ জয়ের তিন দিন পর অর্শদীপ-মিচেল ঝামেলা নিয়ে মুখ খুললেন গম্ভীর, কী বললেন ভারতের কোচ?

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে বল করার সময় অর্শদীপ সিংহ ব্যাটার ড্যারিল মিচেলের দিকে বল ছুড়েছিলেন। ওই ঘটনায় জরিমানাও হয়েছে অর্শদীপের। সেই ঘটনা নিয়ে বিশ্বকাপের তিন দিন পর মুখ খুলেছেন কোচ গৌতম গম্ভীর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ২৩:০৮
cricket

ফাইনালের ওই ঘটনার পর মিচেল (বাঁ দিকে) এবং অর্শদীপ। ছবি: পিটিআই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে বিতর্ক হয়েছিল অর্শদীপ সিংহের আচরণ নিয়ে। বল করার সময় একটি মুহূর্তে তিনি ব্যাটার ড্যারিল মিচেলের দিকে বল ছুড়েছিলেন। ওই ঘটনায় ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানাও হয়েছে অর্শদীপ। সেই ঘটনা নিয়ে বিশ্বকাপের তিন দিন পর মুখ খুলেছেন কোচ গৌতম গম্ভীর।

নিউ জ়িল্যান্ডের ইনিংসের মাঝামাঝি ব্যাট করার সময় অর্শদীপের একটি বল রক্ষণ করেন মিচেল। সেই বল কুড়িয়েই মিচেলের দিকে ছুড়ে দেন অর্শদীপ। কিউয়ি ব্যাটারের ঊরুতে সজোরে সেই বল লাগে। তখনই হাত-পা ছুড়ে প্রতিবাদ করে আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন মিচেল। প্রতিবাদ করে নিউ জ়িল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারও। পরে সূর্যকুমার যাদব গিয়ে বিষয়টি মেটান। ম্যাচের পর মিচেলের কাছে ক্ষমা চেয়ে নেন অর্শদীপও।

তবে গম্ভীর মনে করেন, ক্রিকেট মাঠে এমন হতেই পারে। অর্শদীপের ক্ষমা না চাইলেও চলত। বুধবার সংবাদ সংস্থা এএনআই-এর পডকাস্টে গম্ভীর বলেছেন, “ওটা ঠিকই আছে। আপনি দেশের প্রতিনিধিত্ব করছেন। আগ্রাসন দেখাবেন এটাই স্বাভাবিক। যদি বল ছুড়েই থাকে তাতে অন্যায়ের কী আছে? কোনও বোলারই দুটো ছয় হজম করতে চায় না। এ ধরনের প্রতিক্রিয়াই বোলারদের থেকে আমি আশা করি। কোনও ভুল করেনি অর্শদীপ। যদি ও ক্ষমা না-ও চাইত তা হলেও কোনও সমস্যা ছিল না। ওকে ক্ষমা না চাইলেও চলত।”

গম্ভীর আরও বলেছেন, “ও ক্ষমা চেয়েছে তাতে খারাপের কিছু নেই। কিন্তু ক্রিকেট মাঠে কোনও বন্ধু বা শত্রু হয় না। সকলেই দেশের প্রতিনিধিত্ব করতে এবং দেশকে জেতাতে নামে। আগেও এই জিনিস হয়েছে। কিন্তু এখন সমাজমাধ্যমের যুগে দ্রুত ঘটনা ছড়িয়ে পড়ে। আমার মতে, এ রকম না হওয়াই ভাল।”

উল্লেখ্য, ম্যাচের পর এই ঘটনা নিয়ে মজা করে অর্শদীপ বলেছিলেন, “একটু আগে মিচেলের কাছে দুঃখপ্রকাশ করতে গিয়েছিলাম। আমার থ্রো কিছুটা রিভার্স সুইং হয়ে ওর গায়ে লেগেছে। তাই ওকে বললাম ইচ্ছা করে ওর গায়ে মারিনি।”

T20 World Cup 2026 Arshdeep Singh Daryl Mitchill Gautam Gambhir
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy