এক বিশ্বকাপ শেষ হতেই আর এক বিশ্বকাপের ভাবনা ঢুকে পড়েছে গৌতম গম্ভীরের মাথায়। বিশ্বকাপ জয়ের দু’দিনের মধ্যে ভারতীয় দলের কোচ জানিয়েছেন, এ বার লক্ষ্য ২০২৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপ। আইপিএল শেষ হওয়ার মধ্যেই পরের বছরের এক দিনের বিশ্বকাপের রূপরেখা তৈরি করার কাজও শেষ হয়ে যাবে।
২০২৭ সালের বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় হবে। সেখানকার উইকেটে গতি এবং বাউন্স, দুটিই থাকবে। যুগ্ম আয়োজক হিসাবে থাকছে নামিবিয়া এবং জ়িম্বাবোয়ে। এই বিশ্বকাপ নিয়ে গম্ভীর বলেন, তিনি এবং তাঁর দল বিশ্বকাপের জন্য নির্দিষ্ট ক্রিকেটারদের চিহ্নিত করার কাজ করবেন। মে মাসের শেষের দিকে পরিকল্পনা চূড়ান্ত হয়ে যাবে। বিশ্বকাপের আগে ভারতের হাতে এখনও ২৫ থেকে ৩০টি এক দিনের ম্যাচ রয়েছে।
গম্ভীর বলেন, ‘‘২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা আইপিএলের মধ্যেই হয়ে যাবে। আইপিএল ২০২৬ এবং বিশ্বকাপের মধ্যে ২৫ থেকে ৩০টি ওডিআই ম্যাচ রয়েছে। এখন ৫০ ওভারের ক্রিকেট খুব বেশি খেলা হয় না। আমরা যত তাড়াতাড়ি পরিকল্পনা শুরু করব, আমাদের জন্য ততই ভাল।’’
যেহেতু দক্ষিণ আফ্রিকায় খেলা, গম্ভীর বাড়তি সতর্ক। বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকা ক্রিকেট খেলার জন্য সহজ জায়গা নয়। আমাদের সঠিক কম্বিনেশন খুঁজে বার করতে হবে এবং ওখানকার পরিবেশের জন্য উপযুক্ত ক্রিকেটারদের চিহ্নিত করতে হবে। নির্বাচক এবং কোচরা এই কাজটা করবেন। ২০২৬ সালের আইপিএল শেষ হওয়ার মধ্যেই ২০২৭ ওডিআই বিশ্বকাপের জন্য আমাদের কাছে একটি ব্লুপ্রিন্ট তৈরি থাকবে।’’
গম্ভীরের কথা অনুযায়ী, আইপিএলের মধ্যেই তৈরি হয়ে যাবে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ভবিষ্যৎ। ভারত যে ২৫-৩০টি এক দিনের ম্যাচ খেলবে, সেখানে সকলের নজর থাকবে রোহিত এবং কোহলির দিকে।
১৪ জুন আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ় শুরু হচ্ছে ভারতের। এর পর ভারত তিন ম্যাচের এক দিনের সিরিজ় খেলতে ইংল্যান্ডে যাবে।