দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা তিনটি টি-টোয়েন্টি ম্যাচে হেরে সিরিজ় হাতছাড়া হয়েছিল আগেই। চতুর্থ টি-টোয়েন্টিতে দীপ্তি শর্মার দাপটে জয়ে ফিরেছিলেন ভারতের মেয়েরা। কিন্তু শেষ টি-টোয়েন্টিতে আবার হারের মুখে পড়লেন হরমনপ্রীত কৌররা। যা আসন্ন বিশ্বকাপের আগে নিশ্চিত ভাবে চিন্তায় রাখবে তাঁদের।
প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার মেয়েরা তুলেছিল ১৫৫-৬। অধিনায়ক লরা উলভার্ট করে ৫৬ বলে ৯২ রান। জবাবে ভারতের ইনিংস শেষ হয়ে যায় ১৩২-৮-এ। ভারতী ফুলমালির ৩০ বলে ৪০ রান ছাড়া ১৫ বলে ২৫ রান করেন রিচা ঘোষ। এ ছাড়া আর কারও বলার মতো রান নেই। ২৩ রানে হারেন ভারতের মেয়েরা
হতাশ হরমনপ্রীত ম্যাচের পরে বলেছেন, ‘‘একসঙ্গে বসতে হবে এবং সামনের দিকে কী ভাবে এগনো যায় তা নিয়ে আলোচনা করতে হবে। হতাশার পাশাপাশি অনেক ইতিবাচক দিক আর শেখার আছে এই সিরিজ় থেকে।’’ চার ওভারের মধ্যেই শেফালি বর্মা এবং জেমিমা রডরিগ্সকে হারায় ভারত। সেখান থেকেই ক্রমশ ম্যাচ থেকে হারিয়ে যেতে থাকে তাঁরা। ‘‘ব্যাটিংয়ে পাওয়ার-প্লেতে রান তুলতে না পারাটা আমাদের ভোগাল। দুটো উইকেটও চলে গিয়েছিল ওই সময়ে। এটা খুবই হতাশাজনক। কঠোর পরিশ্রম করতে হবে আমাদের ঘুরে দাঁড়ানোর জন্য,’’ বলেন হরমনপ্রীত।
দক্ষিণ আফ্রিকার দিক থেকে অধিনায়ক লরা উলভার্ট আবারও সামনে থেকে নেতৃত্ব দিলেন। ৫৬ বলে ৯২ রান করেন তিনি। পাঁচ ম্যাচের সিরিজ় তিনি শেষ করলেন ৩৩০ রান করে। শেষ সাত আন্তর্জাতিক ম্যাচে ছ’বার পঞ্চাশের বেশি রান করলেন তিনি। ম্যাচ ও সিরিজ় সেরাও তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)