E-Paper

দলকে জয়ে ফিরিয়ে দীপ্তি বললেন, বিশ্বাস ছিল ঠিক ঘুরে দাঁড়াব

গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ় থেকেই ছন্দে ছিলেন না দীপ্তি। তার পর থেকে তিন ধরনের ক্রিকেট মিলিয়ে ৯টি ম্যাচে দুই সংখ্যার রানে পৌঁছেছিলেন মাত্র এক বার। ফলে জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দীপ্তির এই ছন্দে ফেরা নিশ্চিত ভাবে স্বস্তিতে রাখবে দলকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ০৬:৪২
স্বস্তি: উইকেট নিয়ে হরমনপ্রীতের সঙ্গে উৎসব দীপ্তির।

স্বস্তি: উইকেট নিয়ে হরমনপ্রীতের সঙ্গে উৎসব দীপ্তির। ছবি: বিসিসিআই।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে টানা তিন ম্যাচে হারের পরে শনিবার চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ভারত। ছন্দে ফিরে দলের জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন দীপ্তি শর্মা। ম্যাচের সেরাও তিনিই। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ভারতের মেয়েরা তোলে ১৮৫-৫। জেমিমা রডরিগ্‌সের ২৯ বলে ৪৩ রানের পাশাপাশি দীপ্তি করেন ২৬ বলে অপরাজিত ৩৬। ১৮ বলে অপরাজিত ৩৪ করেন রিচা ঘোষ। জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়ে যায় ২০ ওভারে ১৭১-৯-এ। ১৯ রানে পাঁচ উইকেট নেন দীপ্তি।

গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ় থেকেই ছন্দে ছিলেন না দীপ্তি। তার পর থেকে তিন ধরনের ক্রিকেট মিলিয়ে ৯টি ম্যাচে দুই সংখ্যার রানে পৌঁছেছিলেন মাত্র এক বার। ফলে জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দীপ্তির এই ছন্দে ফেরা নিশ্চিত ভাবে স্বস্তিতে রাখবে দলকে। মেয়েদের দলের প্রধান কোচ অমল মুজুমদার ম্যাচের আগের দিনই বলেছিলেন, দীপ্তির ছন্দে না থাকায় কিছুটা হলেও চিন্তার। তবে তিনি বলেছিলেন, দীপ্তির মতো উঁচু মানের ক্রিকেটার খুব দ্রুতই ছন্দে ফিরবে বলে তাঁর বিশ্বাস। কোচের বিশ্বাসের মান রেখেছেন ভারতীয় অলরাউন্ডার।

ম্যাচের পরে ছন্দে ফেরার কারণ নিয়ে দীপ্তি বলেছেন, ‘‘প্রথমত নিজের উপরে বিশ্বাস রেখে গিয়েছি। দ্বিতীয়ত কোন লাইন আর লেংথে আমায় বল করতে হবে তাতে জোর দিয়েছি। বিশেষ করে এই ম্যাচে অফস্পিন বলের দিকে বেশি নজর দিয়েছিলাম। একটু দ্রুতগতির বলটার চেয়ে বেশি।’’ তবে শিশিরের জন্য কোন গতিতে বল করতে হবে সেটা ঠিক করা বেশ কঠিন ছিল। এই নিয়ে দলের বোলারদের সঙ্গে কথা বলে তিনি সঠিক দিশা পান। ‘‘শিশিরের জন্য বোলারদের মধ্যে একটা আলোচনা হয়েছিল। ঠিক জায়গায় বল করতে হবে, তা হলেই ফল মিলবে। এটাই ছিল আমাদের লক্ষ্য,’’ বলেছেন দীপ্তি। যিনি সিরিজ়ের প্রথম তিন ম্যাচে কোনও উইকেট নিতে পারেননি এবং ব্যাট হাতে করেছিলেন মাত্র ২ রান।

ব্যাট করতে নেমে দীপ্তি ঠিক করেছিলেন তিনি এবং রিচা শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকার চেষ্টা করবেন। সেই পরিকল্পনা দারুণ ভাবে কাজে দেয় এবং তাঁদের মধ্যে অপরাজিত ৬৫ রানের জুটির সাহায্যে ১৮৫ রান তুলে ফেলে ভারত। যা ১৪ রানে জয়ে বড় ভূমিকা নেয়। তিনি বলেছেন, ‘‘রিচা খুব ভাল ব্যাটিং করেছে। শেষটা দারুণ খেলেছে। আমরা ঠিক করে নেমেছিলাম যে ২০ ওভার পর্যন্ত ব্যাটিং করব। ভাল জুটি গড়ব। তাই প্রত্যেকটা ওভারে হিসেব কষে খেলেছি।’’ সঙ্গে দীপ্তি যোগ করেছেন, সিরিজ় হারলেও অনেক ইতিবাচক দিক রয়েছে দলের জন্য। ‘‘এই ম্যাচ আমাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়াবে। ব্যাটিং ও বোলিং বিভাগ দুটোই ভাল খেলেছে। দেখা যাক শেষ ম্যাচে কী হয়। নিশ্চিত ভাবে আমরা ভাল ফল করব,’’ বলেছেন তিনি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Indian Women Cricket team Harmanpreet Kaur Deepti Sharma T20I India vs South Africa

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy