Advertisement
E-Paper

টি-টোয়েন্টি বিশ্বকাপের চমক ইটালির ক্রিকেটে বিতর্ক, যৌন হেনস্থার অভিযোগ কর্তার বিরুদ্ধে, সরব মহিলা দলের সদস্য

প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেই নজর কেড়েছে ইটালি। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরই সে দেশের ক্রিকেট জড়িয়ে পড়ল বিতর্কে। ফেডারেশনের এক পদস্থ কর্তার বিরুদ্ধে উঠল যৌন হেনস্থার অভিযোগ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৩
picture of cricket

ইটালির মহিলা ক্রিকেট দল। ছবি: এক্স।

প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে নজর কেড়েছে ইটালি। নেপালকে হারিয়েছে তারা। বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পরই সে দেশের ক্রিকেটে বিতর্ক। ইটালির এক ক্রিকেট কর্তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন এক মহিলা ক্রিকেটার।

ইটালির এক পদস্থ কর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযুক্ত কর্তার বিরুদ্ধে অশালীন ভাবে স্পর্শ করার অভিযোগ জানিয়েছেন তিনি। ঘটনাটি অবশ্য গত বছরের। দল থেকে বাদ যাওয়ার আশঙ্কায় প্রথমে কিছু বলেননি মহিলাদের জাতীয় দলের ওই ক্রিকেটার। পরে গত মার্চে রোম পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও এত দিন ঘটনাটি চাপা দিয়ে রেখেছিলেন ওই প্রভাবশালী কর্তা।

অভিযুক্ত ইটালির ক্রিকেট ফেডারেশনের সভাপতি মারিয়া লরেন হজ় পজ়ের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। তবে বিষয়টি জানাজানি হতে ইটালির ক্রিকেটমহলে হইচই শুরু হয়েছে। কয়েক জন কর্তা ইস্তফা দিয়ে সভাপতির উপর চাপ তৈরি করেন। তার পর অভিযুক্তকে নিলম্বিত (সাসপেন্ড) করা হয়েছে। শুরু হয়েছে তদন্তও।

ইটালির ক্রিকেট ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, ‘‘ইটালি ক্রিকেট ফেডারেশনের সব কাজ ন্যায্যতা, স্বচ্ছতা বজায় রেখে নির্দিষ্ট ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়। ক্রীড়া ব্যবস্থার ভিত্তি হিসাবে ব্যবহৃত নৈতিক ও নাগরিক মান সুনিশ্চিত করা হয়। এই ধরনের অভিযোগের যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।’’

অভিযুক্ত কর্তা টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে ভারতে এসেছিলেন বলেও জানা গিয়েছে। তিনি অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। অপরাধ প্রমাণ না হওয়ায়, ওই কর্তার নাম নিরাপত্তার স্বার্থে প্রকাশ করেনি ইটালির ক্রিকেট ফেডারেশন। গোপন রাখা হয়েছে ওই মহিলা ক্রিকেটারের নামও।

ICC T20 World Cup 2026 Women Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy