Advertisement
E-Paper

Nicholas Pooran: সীমিত ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হলেন নিকোলাস পুরান

একাধিক ক্রিকেটারের নাম নিয়ে আলোচনার পর পুরানের হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্বে পুরান।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ মে ২০২২ ২০:৫৮
নিকোলাস পুরান।

নিকোলাস পুরান। ছবি: টুইটার

আইপিএলের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন কায়রন পোলার্ড। অথচ কয়েক মাস পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই পরিস্থিতিতে নিকোলাস পুরানকে সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ।

একাধিক ক্রিকেটারের নাম নিয়ে আলোচনার পর পুরানের হাতেই নেতৃত্বের গুরুদায়িত্ব তুলে দিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এক দিনের এবং টি টোয়েন্টি ক্রিকেটে ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেবেন পুরান। পোলার্ড অধিনায়ক থাকার সময় গত এক বছর তিনিই ছিলেন তাঁর সহ অধিনায়ক। আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ সালে এক দিনের বিশ্বকাপে পুরান ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন বলে জানানো হয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষে।

নেতৃত্বের দায়িত্ব পেয়ে খুশি পুরান বলেছেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়ে সত্যিই গর্ব অনুভব করছি। বহু কিংবদন্তি ক্রিকেটারের পদাঙ্ক অনুসরণ করতে হবে আমাকে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সুবিশাল ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করব। ক্যারিবিয়ান সমাজেও এই পদকে অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়। ক্রিকেট এমন একটা শক্তি যা সমস্ত ওয়েস্ট ইন্ডিয়ানকে এক সঙ্গে বেঁধে রাখে। এটা আমার ক্রিকেট জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। দলকে সাধ্যমতো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সমর্থকদের আনন্দ দেওয়ার চেষ্টা করব।’’

আগামী ৩১ মে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার লিগ পর্বে নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন পুরান। এ দিন একই সঙ্গে ঘোষণা করা হয়েছে নতুন সহ অধিনায়কের নামও। সাই হোপকে পুরানের ডেপুটি বেছে নিয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেট কর্তারা।

Nicholas Pooran Kieron Pollard West Indies IPL 2022 one day cricket T 20 Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy