Advertisement
E-Paper

ভারতের কাছে হারের পর কেমন ছিল পাকিস্তানের সাজঘরের অবস্থা? জানালেন সলমনদের কোচ হেসন

মাইক হেসন মেনে নিয়েছেন, ভারতের বিরুদ্ধে তাঁর দল ব্যর্থ। তবে এখনই আশা ছাড়ছেন না পাকিস্তানের কোচ। সূর্যকুমার যাদবদের কাছে হারের ধাক্কা সামলাতে দু’তিন দিন সময় লাগবে বলে মনে করছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৭
picture of cricket

মাইক হেসন। ছবি: এক্স।

বয়কট প্রত্যাহার করে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান। রবিবার সূর্যকুমার যাদবদের কাছে ৬১ রানে হারের পর সলমন আঘাদের সাজঘরের পরিবেশের কথা জানিয়েছেন মাইক হেসন। কিউয়ি কোচ বলেছেন ভারতের কাছে হারে বিধ্বস্ত পাক ক্রিকেটারদের কথা।

টি-টোয়েন্টি ক্রিকেটে ৬১ রান বেশ বড় ব্যবধান। কলম্বোর ২২ গজে ভারতীয় দলকে তেমন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেননি সলমনেরা। ১৭৬ রান তাড়া করতে নেমে একরকম আত্মসমর্পণ করেছেন পাক ব্যাটারেরা। ভারতীয় বোলারদের সামলাতেই পারেননি কেউ। এমন হারের পর পাকিস্তান দলের তীব্র সমালোচনা শুরু হয়েছে। প্রাক্তন ক্রিকেটার থেকে সমর্থকেরা সরব হয়েছেন। পাকিস্তানের কোচ বলেছেন, ম্যাচ হেরে ভেঙে পড়েছেন সলমনেরাও।

হেসনের কোচিংয়েই ভারতের কাছে টানা চারটি ম্যাচ হারল পাকিস্তান। বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে সিরিজ় হারিয়ে আসা সলমনদের পারফরম্যান্সে বিস্মিত ক্রিকেটমহল। ম্যাচের পর হেসন বলেছেন, ‘‘আমাদের সাজঘরে হতাশা ছাড়া কিছু নেই। ওরা সকলে জানে পাকিস্তানে এই পরাজয়ের অর্থ কী। বিশ্বকাপ বড় প্রতিযোগিতা। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আগ্রহের কথাও আমাদের অজানা নয়। এই ম্যাচের আগে আমরা টানা পাঁচটা টি-টোয়েন্টি ম্যাচ জিতেছি। দলে আত্মবিশ্বাসের কোনও অভাব ছিল না। তবু ভারতের বিরুদ্ধে আমরা দাঁড়াতেই পারিনি।’’

পাকিস্তানের কোচ মেনে নিয়েছেন, ঈশান কিশনের ইনিংস দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। প্রথম ওভারে অভিষেক শর্মাকে আউট করার সুবিধা কাজেই লাগাতে পারেনি তাঁর দল। হেসন বলেছেন, ‘‘বল শুরু থেকেই বেশ ভাল ঘুরছিল। আমাদের শুরুটাও ভাল হয়েছিল। কিন্তু ঈশান দুর্দান্ত খেলেছে। ও-ই ম্যাচটা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে।’’

এই পরিস্থিতি থেকে কি ঘুরে দাঁড়ানো সম্ভব? হেসন আশাবাদী। পাকিস্তানের কোচ বলেছেন, ‘‘আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। এই ধাক্কা সামলাতে হয়তো দু’তিন দিন সময় লাগবে। মনে হয় আমরা পারব। বিশ্বকাপের আগে আমরা বেশ ভাল ক্রিকেট খেলছিলাম। তাই বিশ্বকাপেও ভাল কিছু করার ব্যাপারে আমরা আশাবাদী।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পরের খেলা ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার সঙ্গে। সুপার এইটে জায়গা নিশ্চিত করতে ওই ম্যাচ জিততে হবে সলমনদের।

ICC T20 World Cup 2026 India vs Pakistan Mike Hesson
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy