Advertisement
E-Paper

তিন বছরে তিন ট্রফি বেঙ্গালুরুর, বিশ্বাসই হচ্ছে না স্মৃতির, হেরেও দলকে নিয়ে গর্বিত জেমাইমা

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৯
বেঙ্গালুরু অধিনায়ক স্মৃতি মন্ধানার সঙ্গে দিল্লি ক্যাপিটালস অধিনায়ক জেমাইমা রদ্রিগেজ়।

বেঙ্গালুরু অধিনায়ক স্মৃতি মন্ধানার সঙ্গে দিল্লি ক্যাপিটালস অধিনায়ক জেমাইমা রদ্রিগেজ়। ছবি: পিটিআই।

প্রতিযোগিতার শুরুটা যে ভাবে হয়েছিল, শেষটাও সে ভাবেই করল বেঙ্গালুরু। টানা পাঁচটি ম্যাচ জিত্ মেয়েদের প্রিমিয়ার লিগ শুরু করেছিল বেঙ্গালুরু। শেষটাও করল ট্রফি জিতে। ২০২৪-এর পর আবার ডব্লিউপিএল এল বেঙ্গালুর ক্যাবিনেটে। গত বছর আইপিএল জিতেছিল বিরাট কোহলির দল। ফলে টানা তিন বছর তিনটি ট্রফি পেল বেঙ্গালুরু। এই সাফল্য বিশ্বাসই হচ্ছে না বেঙ্গালুরু অধিনায়ক স্মৃতি মন্ধানার। ট্রফি নেওয়ার আগে সে কথাই বার বার বললেন তিনি। অন্য দিকে, হেরে গিয়েও দলের পারফরম্যান্সে গর্বিত দিল্লি ক্যাপিটালস অধিনায়ক জেমাইমা রদ্রিগেজ়।

বৃহস্পতিবার একটা সময় মনে হয়েছিল বেঙ্গালুরু ম্যাচটা হেরে যাবে। শেষের দিকে রাধা যাদবের ইনিংসে ভর করে দুশোর উপর রান তাড়া করে জিতেছে তারা। ম্যাচের পর স্মৃতি বললেন, `প্রচন্ড খুশি। আবারও বলব, আরসিবি সমর্থকরা বিশ্বের সেরা। যেখানে খেলি না কেন, প্রচুর সমর্থন পাই। ওঁরা জানেন আমরা যা করব সেটা ওঁদের জন্যই। তিন বছরে দল তিনটে ট্রফি জিতল। অসাধারণ কীর্তি।` এ দিন স্টেডিয়ামের সমর্থন ছিল বেঙ্গালুরুর দিকেই। প্রতিটি উইকেট, প্রতিটি রানে সমর্থকেরা আরসিবি, আরসিবি নাম ধরে চিৎকার করেছেন। তাঁদেরই ম্যাচের পর কুর্নিশ জানিয়েছেন স্মৃতি।

ফাইনালে দুশোর উপর রান তাড়া করা যে সহজ ছিল না সেটা মেনে নিয়েছেন বেঙ্গালুরু অধিনায়ক। স্মৃতি বলেছেন, `এই পিচে ব্যাট করা সহজ ছিল ঠিকই। কিন্তু ফাইনালে দুশোর ওপর রান যথেষ্ট ভাল স্কোর। আমার মনে হয়, শেষ চার ওভারে আমরা খুব ভাল বল করেছি। ফলে ওদের রান কিছুটা কম হয়েছে। কৃতিত্ব দেব লরেন বেলকে। গোটা ম্যাচে ৪০০-র উপর রান হয়েছে। তা সত্ত্বেও ও মাত্র ২০ রান দিয়েছে। ওটাই ম্যাচ জেতানো বোলিং।`

এ দিন জর্জিয়া ভলের সঙ্গে স্মৃতির জুটি বেঙ্গালুরুকে ম্যাচ জিতিয়েছে। সতীর্থকে নিয়ে বেঙ্গালুরু অধিনায়ক বলেছেন, `ভলই নেতৃত্ব দিয়েছে। পাওয়ার প্লে-তে ও একাই দলকে টেনে নিয়ে গিয়েছে। শুরু থেকেই ওর মধ্যে আগ্রাসী মনোভাব দেখতে পেয়েছি। ১০-১৫ দিন আগেই দলের বাকিদের বলেছিলাম ফাইনালে ভল ম্যাচ জেতানো ইনিংস খেলবে। ওর জন্য প্রচন্ড খুশি। গত কয়ে কদিনে প্রচুর পরিশ্রম করেছে। গত দু-তিনদিন ধরে বাড়তি পরিশ্রম করেছে। শেষ পর্যন্ত সেটা কাজে লেগেছে এটা ভেবেই আমি খুশি।`

স্মৃতি জয়ের কৃতিত্ব দিয়েছেন দলের সাপোর্ট স্টাফদেরও। বলেছেন, `আমরা সব সময় শান্ত থাকার চেষ্টা করেছি। সাপোর্ট স্টাফেরা সবসময় দলের খেলোয়াড়দের পাশে থেকেছে। প্রত্যেকের ভূমিকা নির্দিষ্ট ছিল। শুধু এখনই নয়, নিলাম হওয়ার পরেও প্রত্যেকে আলাদা করে ফোন পেয়েছে। তাদের বলা হয়েছে কী চাওয়া হচ্ছে। ব্যাটিং অর্ডার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বোলারদের নির্দিষ্ট করে বলা হয়েছে তাদের থেকে কী চাওয়া হচ্ছে। ফলে সাপোর্ট স্টাফদের প্রশংসা প্রাপ্য।`

প্রশ্ন করা হয়েছিল, দলের কোন খেলোয়াড় তাঁর নজর কেড়ে নিয়েছেন। বেঙ্গালুরু অধিনায়কের উত্তর, `গোটা মরসুমে আমরা যে ভাবে খেলেছি তাতে প্রত্যেকের অবদান রয়েছে। আমি হয়তো দু-তিন জনের নাম আলাদা করে নেব। তার মধ্যে রয়েছে প্রত্যুষা কুমার। গোটা মরসুমে একটা ম্যাচেও সুযোগ পায়নি। কিন্তু প্রত্যেকটা অনুশীলনে নিজের সেরাটা দিয়েছে। ম্যাচের দিন জল বয়েছে। অনেকেই হয়তো এই জিনিসগুলো খেয়াল করবেন না। কিন্তু আমরা খেয়াল রেখেছি। এ ছাড়া গৌতমী এবং প্রেরণা রয়েছে। দু`জনই তরুণ ক্রিকেটার। যে ভাবে গোটা দলের সঙ্গে কাজ করেছে তাতে আমি খুশি। আরও এক বার সমর্থকদের ধন্যবাদ দেব মাঠে এসে আমাদের হয়ে গলা ফাটানোর জন্য।`

দিল্লি দলের অধিনায়ক যজেমাইমা বলেছেন, `এই দলকে নিয়ে আমি অত্যন্ত গর্বিত। ম্যাচটা আমাদের কাছে সহজ ছিল না। তবু সতীর্থেরা যে ভাবে সাহসী হয়ে খেলেছে তাতে আমি গর্বিত। এর থেকে ভাল বোধহয় কিছু আশা করা যেত না। শুধু খেলোয়াড়রা নয়, সাপোর্ট স্টাফেরাও প্রচুর পরিশ্রম করেছেন। সাজঘরকে শান্ত রাখার চেষ্টা করেছেন।`

ফাইনালে ২০৩ রান করেও হারতে হয়েছে দিল্লিকে। এই রান রি যথেষ্ট ছিল না? জেমাইমার উত্তর, `ফাইনালে ২০৩ রান করা সব সময়ই ভাল। দল যে ভাবে খেলেছে তাতেও আমি খুশি। আমার মনে হয় দলের সেরা পারফরম্যান্স আজ দেখতে পেয়েছি। প্রত্যেকে প্রচুর পরিশ্রম করেছে। কখনও সখনও সঠিক কাজ করলেও ফল পাওয়া যায় না।`

বেঙ্গালুরুর হাতে ট্রফি তুলে দেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি মিঠুন মনহাস এবং সচিব দেবজিত শইকিয়া। স্মৃতি এসে ট্রফি হাতে নেন এবং সঙ্গে সঙ্গে তা দিয়ে দেন উইকেটকিপার রিচা ঘোষকে। রিচাই ট্রফি আকাশে তোলেন এবং বাকিদের হাতে দিয়ে দেন। পরে জেমাইমাকে সান্ত্বনা দেন স্মৃতি।


Bengaluru Delhi Capitals Smriti Mandhana Jemimah Rodrigues WPL 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy