Advertisement
E-Paper

T20 World Cup 2021: তিন কারণ যে জন্য পাকিস্তান, নিউজিল্যান্ডের কাছে হার কোহলীদের, জানিয়ে দিলেন গাওস্কর

গাওস্করের মতে, দলে কিছু বদল দরকার। নইলে পরবর্তীতেও এই সমস্যা দেখা দিতে পারে বলে জানিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২১ ১৬:১২
দলে কী কী পরিবর্তনের কথা বললেন গাওস্কর

দলে কী কী পরিবর্তনের কথা বললেন গাওস্কর ফাইল চিত্র।

টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আগেই বেরিয়ে যেতে হয়েছে ভারতকে। অধিনায়ক হিসাবে শেষ বিশ্বকাপে ব্যর্থ বিরাট কোহলী। কিন্তু খাতায় কলমে এত শক্তিশালী দল নিয়েও কেন হারলেন কোহলীরা। ময়নাতদন্ত করে হারের তিন কারণ তুলে ধরলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর

সোমবার নামিবিয়াকে হারানোর পরে সংবাদমাধ্যমে ভারতের হারের কারণ তুলে ধরেন গাওস্কর। তাঁর মতে, দলে কিছু বদল দরকার। নইলে পরবর্তীতেও এই সমস্যা দেখা দিতে পারে বলে জানিয়েছেন তিনি।

প্রথম একাদশে বার বার পরিবর্তন: গাওস্কর জানিয়েছেন, টিম ম্যানেজমেন্ট বার বার দলের প্রথম একাদশে পরিবর্তন করেছে। পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মা, লোকেশ রাহুল ওপেন করার পরে নিউজিল্যান্ড ম্যাচে রোহিতের জায়গায় রাহুলের জুটি হয়েছেন ঈশান কিশন। পরের ম্যাচে ফের ওপেনিং জুটি বদলেছে। দলের বোলিং বিভাগেও বার বার বদল করা হয়েছে। ফলে দল হিসাবে নিজেদের গুছিয়ে নিতে পারেননি কোহলীরা।

পাওয়ার প্লে কাজে লাগাতে ব্যর্থ কোহলীরা: গাওস্কর জানিয়েছেন, টি২০ ম্যাচে জিততে গেলে প্রথম থেকে চালিয়ে খেলতে হয় ব্যাটারদের। কিন্তু বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে সেটা করতে ব্যর্থ হয়েছেন কোহলীরা। গাওস্করের মতে, শুধু বিশ্বকাপে নয়, তার আগেও বড় দলের বিরুদ্ধে শুরু থেকে দেখে খেলার মানসিকতা দেখা গিয়েছে দলের মধ্যে। তার ফলে শুরুতেই পিছিয়ে পড়ছে দল। সেখান থেকে ফেরা সম্ভব হচ্ছে না।

দলে ভাল ফিল্ডারের সংখ্যা বাড়ানো: ভারতের প্রাক্তন অধিনায়কের মতে পাকিস্তান, নিউজিল্যান্ডের মতো দল দেখিয়েছে টি২০ খেলায় ভাল ফিল্ডারের কতটা গুরুত্ব রয়েছে। ভাল ফিল্ডার থাকলে ২০-৩০ রান বাঁচানো যায়, যা পরে দলকে জেতাতে সাহায্য করে। কিন্তু ভারতের বর্তমান দলে তিন-চার জন ছাড়া ভাল মানের ফিল্ডার নেই। তার ফলে সমস্যায় পড়েছেন কোহলীরা।

T20 World Cup 2021 Virat Kohli Sunil Gavaskar india cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy