দু’দিন পরেই ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে সূর্যকুমার যাদবের ভবিষ্যৎ স্পষ্ট করে দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। শনিবার বৈঠকে বসছে ভারতের নির্বাচক কমিটি। সেখানেই ঠিক হবে আসন্ন তিনটি সিরিজ়ের দল। বৈঠকের পরেই তিনটি দল ঘোষণা করে দেবেন নির্বাচক প্রধান অজিত আগরকর।
শনিবার মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে বৈঠক। সেখানেই ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজ় এবং এশিয়ান গেমসের দল নির্বাচন করবে ভারতীয় বোর্ডের নির্বাচক কমিটি। ২৬ ও ২৮ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। তার পরে ১, ৪, ৭, ৯ ও ১১ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় রয়েছে।
সেপ্টেম্বর মাসেই এশিয়ান গেমস রয়েছে। যেহেতু সেই সময় ভারত এই দুই সিরিজ়ে থাকবে, তাই আলাদা একটি দল নির্বাচন করতে হবে আগরকরদের। এশিয়ান গেমসে এ বারের আইপিএলে নজরকাড়া তরুণ প্রতিভাদের পাঠানো হবে, না সঙ্গে অভিজ্ঞদেরও রাখা হবে, সেটি ঠিক করতে হবে আগরকরদের।
আরও পড়ুন:
এই বৈঠকেই ঠিক হয়ে যাবে সূর্যের ভাগ্য। চলতি বছর তাঁর নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও সূর্যের ফর্ম খুব খারাপ। আইপিএলেও রান পাননি তিনি। এই পরিস্থিতিতে তাঁকে অধিনায়ক হিসাবে রাখা হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। সূর্যকে টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। এমনকি, তাঁকে টি-টোয়েন্টি দল থেকেও বাদ দেওযা যেতে পারে।
আগরকরদের কাছে আরও একটি আলোচনার বিষয় বৈভব সূর্যবংশী। এ বারের আইপিএলে কমলা টুপি জেতা বৈভবকে এশিয়ান গেমসে খেলানো হবে, না ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজ়ের দলে নেওয়া হবে, সেই সিদ্ধান্ত নির্বাচকদের নিতে হবে। ভারতীয় দলে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিশনদের ভিড়ে বৈভবকে কী ভাবে খেলানো হবে, সেই সিদ্ধান্ত নিতে হবে আগরকরদের।