Advertisement
E-Paper

সূর্যকুমারের উপর আস্থা হারিয়েছেন নির্বাচকেরা! তবে ফর্মে ফেরা শুভমন নন, টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেতে পারেন অন্য এক ব্যাটার

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২৬ এবং ২৮ জুন দু’টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে ভারতের। সেই দলে সূর্যকুমার যাদবের থাকার সম্ভাবনা প্রায় নেই। গত কয়েক মাস ধরে তিনি ফর্মে না থাকায় নির্বাচকদের কাজ সহজ হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ২১:১৬
picture of cricket

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

ভারতীয় দলে সূর্যকুমার যাদব অধ্যায় শেষ। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ককে আর দলেই রাখতে চান না জাতীয় নির্বাচকেরা। আবার আইপিএলে ফর্মে ফেরা শুভমন গিলকেও নেতৃত্বের জন্য ভাবা হচ্ছে না। সূর্যকুমারের পর অন্য এক ক্রিকেটারকে ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়ার কথা ভাবছেন অজিত আগরকরেরা।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সূর্যকুমারকে আর জাতীয় দলের জন্য ভাবা হচ্ছে না। ভবিষ্যতের দিকে তাকানোর পরিকল্পনা রয়েছে কোচ গৌতম গম্ভীরের। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২৬ এবং ২৮ জুন দু’টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে ভারতের। সেই দলে সূর্যকুমারের থাকার সম্ভাবনা প্রায় নেই। গত কয়েক মাস ধরে তিনি ফর্মে না থাকায় নির্বাচকদের কাজ সহজ হয়েছে।

বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘নির্বাচক কমিটি, বোর্ড এবং দল পরিচালন কমিটির আলোচনা হয়েছে। কোচ গম্ভীরও ছিলেন। টি-টোয়েন্টি দলের দায়িত্ব নতুন অধিনায়কের হাতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা ঠিক, সূর্যকুমারের নেতৃত্বে দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। তা-ও সূর্যকুমারের ফর্ম এবং ভবিষ্যতের কথা ভেবে আমরা সিদ্ধান্ত নিচ্ছি।’’

টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে আগরকরদের পছন্দ শ্রেয়স আয়ার। ৩১ বছরের ক্রিকেটার আইপিএলে ভাল খেলেছেন। অধিনায়ক হিসাবে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন। পঞ্জাব কিংসকে গত মরসুমে ফাইনালে তুলেছেন। এ বারও আইপিএলের শুরুর দিকে তাঁর পঞ্জাবকে অপ্রতিরোধ্য দেখিয়েছে। শ্রেয়সের পারফরম্যান্স এবং নেতৃত্বে খুশি নির্বাচকেরা।

শ্রেয়সকে নিয়ে আপত্তি নেই কোচ গম্ভীরেরও। শুভমন টেস্ট এবং এক দিনের দলের নেতৃত্বে রয়েছেন। আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। তবু তাঁকে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হবে না। তাঁর চাপ বাড়াতে চাইছেন না ভারতীয় দলের কোচ। সূর্যকুমারের পর টি-টোয়েন্টি দলের জন্য শ্রেয়সের উপরই আস্থা রাখতে চাইছেন তিনি।

BCCI Suryakumar Yadav Shubman Gill Shreyas Iyer T20 Cricket Team India Captain
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy