Advertisement
E-Paper

২৯ বলে ৯৪ রান করেই আগরকরকে বার্তা বৈভবের! নির্বাচকদের কাছে একটি বিষয় স্পষ্ট করে দিল সূর্যবংশী

ফাইনালে ২৯ বলে ৯৪ রান করে ভারত ‘এ’ দলকে চ্যাম্পিয়ন করেছে বৈভব সূর্যবংশী। ম্যাচের সেরাও হয়েছে সে। এই ইনিংসের পর ভারতের নির্বাচক কমিটিকে একটি বার্তা দিয়েছে ১৫ বছরের ক্রিকেটার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৫:২৯
cricket

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

শুধু টি-টোয়েন্টি নয়, ভারতের হয়ে এক দিনের ফরম্যাট খেলতেও তৈরি বৈভব সূর্যবংশী। তার কথা থেকে এই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। ত্রিদেশীয় সিরিজ়ের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রান করে ভারত ‘এ’ দলকে চ্যাম্পিয়ন করেছে বৈভব। ম্যাচের সেরাও হয়েছে সে। এই ইনিংসের পর ভারতের নির্বাচক কমিটিকে একটি বার্তা দিয়েছে ১৫ বছরের ক্রিকেটার।

খেলা শেষে বৈভব জানিয়েছে, সে এক দিনের ক্রিকেট অনেক খেলেছে। কিন্তু কেউ হয়তো তা জানে না। ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে বৈভব বলেছে, “এই সিরিজ় থেকে অনেক কিছু শিখলাম। কিন্তু আমি এক দিনের ক্রিকেট অনেক খেলেছি। অনেকেই হয়তো সেটা জানে না।”

বৈভবের কথা থেকে স্পষ্ট, তাকে শুধু ছোট ফরম্যাটের ক্রিকেটার ভাবলে ভুল করবেন নির্বাচক প্রধান অজিত আগরকর। ঘরোয়া ক্রিকেট ও ভারতের বয়সভিত্তিক ক্রিকেটে ৩৮টি এক দিনের ম্যাচ খেলেছে বৈভব। তার মধ্যে শুধু বয়সভিত্তিক ক্রিকেটেই সে খেলেছে ২৫টি এক দিনের ম্যাচ। চারটি শতরানের সাহায্যে ১৪১২ রান করেছে সে। ভারতের বয়সভিত্তিক ক্রিকেটে তা রেকর্ড। সেই কথাই আরও এক বার স্পষ্ট করে দিয়েছে বিহারের ছেলে।

ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে কি বদলার পরিকল্পনা তার মাথায় ছিল? কয়েক দিন আগে এই শ্রীলঙ্কার বিরুদ্ধেই সুপার ওভারে দলকে সে জেতাতে পারেনি। খেলা শেষে প্রতিপক্ষ ক্রিকেটারকে ধাক্কা মেরে সমালোচিত হয়েছিল। বৈভবের জবাব, “তেমন কিছু ভেবে নামিনি। শুধু চেয়েছিলাম, প্রথম ১০ ওভার কাজে লাগাতে। কোনও চাপ ছিল না। প্রথম কয়েকটা ম্যাচে শুরুটা কাজে লাগাতে পারিনি। কোচের সঙ্গে কথা বলেছিলাম। পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছি। তাই ফাইনালে ভাল খেলেছি।”

ফাইনালে শতরান হাতছাড়া হলেও বলের বিচারে লিস্ট এ ক্রিকেটে (৫০ ওভারের ম্যাচ) দ্রুততম অর্ধশতরান করল ১৫ বছরের ব্যাটার। ডাম্বুলার ২২ গজে ১১ বলে ৫০ রান পূর্ণ করে বৈভব ভেঙে দিল শ্রীলঙ্কারই কৌশল্য বীরারত্নের রেকর্ড। ২০০৫-০৬ মরসুমে রাগামা ক্রিকেট ক্লাব বনাম কুরুনেগালা ইয়ুথ ক্রিকেট ক্লাবের ম্যাচে ১২ বলে অর্ধশতরান করেছিলেন বীরারত্নে। এই তালিকায় তৃতীয় স্থানে নেমে গেলেন শ্রীলঙ্কারই নারাঙ্গদা লিয়ানাড়াচ্ছিগে থিসারা চিরন্ত পেরেরা। তিনি ২০২০-২১ মরসুমে শ্রীলঙ্কা আর্মি স্পোর্টস ক্লাব বনাম ব্লমফিল্ড ক্রিকেট ও অ্যাথলেটিক ক্লাবের ম্যাচে ১৩ বলে ৫০ রান করেন।

বৈভব ১১ বলে অর্ধশতরানের ইনিংসের প্রতি বলে করেছে যথাক্রমে ৪, ৪, ৪, ৬, ৬, ০, ৬, ৪, ৪, ৬, ৬ রান। অর্থাৎ ১১ বলের ১০টিতে মেরেছে পাঁচটি চার এবং পাঁচটি ছক্কা। বাঁ হাতি স্পিনার দুলাজ সমুদিতাকে ছক্কা মেরে নতুন রেকর্ড গড়েছে বৈভব। শেষ পর্যন্ত ২৯ বলে ৯৪ রান করার পথে বৈভবের ব্যাট থেকে এসেছে ১০টি চার এবং আটটি ছক্কা।

Vaibhav Sooryavanshi India A
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy