Advertisement
E-Paper

চলতি সপ্তাহেই ভারতের বড়দের দলে অভিষেক বৈভবের! এক দেশের সিদ্ধান্তে স্বপ্নপূরণ হচ্ছে ১৫ বছর বয়সি ক্রিকেটারের

ভারতের অনূর্ধ্ব-১৯ দল, ভারত এ দলের পর এ বার ভারতের বড়দের দল। চলতি সপ্তাহেই ভারতের বড়দের দলে অভিষেক হতে পারে বৈভব সূর্যবংশীর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১২:৩৬
cricket

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

চলতি মাসে ভারতের এ দলে অভিষেক হয়েছে বৈভব সূর্যবংশীর। এ বার চলতি সপ্তাহেই তার অভিষেক হতে পারে ভারতের বড়দের দলে। সব কিছু ঠিক থাকলে শুক্রবার ভারতের সিনিয়র দলের জার্সি গায়ে মাঠে নামবে বৈভব। ভেঙে যাবে ভারতের হয়ে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে সচিন তেন্ডুলকরের অভিষেকের রেকর্ড।

শুক্রবার ও রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ভারতের। কিন্তু বেলফাস্টে অশান্তির খবর পাওয়া গিয়েছিল। ফলে এই সিরিজ় নিয়ে সংশয় দেখা গিয়েছিল। সেই অশান্তি মিটিয়েছে সরকার। আয়ারল্যান্ড সরকার জানিয়েছে, সিরিজ় খেলতে কোনও সমস্যা হবে না। সেই সিদ্ধান্তেই কারণেই চলতি সপ্তাহে অভিষেক হতে পারে বৈভবের।

আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে বলেছে, “সিরিজ় চলাকালীন প্রত্যেক ক্রিকেটারের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিরাপত্তার বিষয়ে পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে। সব ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা খতিয়ে দেখে পুলিশ সবুজ সঙ্কেত দিয়েছে। তাই নির্ধারিত দিনেই ভারত ও আয়ারল্যান্ডের মধ্যে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ হবে।”

আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে, ম্যাচ আয়োজন, ক্রিকেটার ও দর্শকদের নিরাপত্তা নিয়ে চিন্তার কিছু নেই। সিরিজ় চলাকালীন ক্রিকেটারদের হোটেল ও মাঠে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। ফলে কোনও সমস্যা হবে না।

গত আইপিএলে সবচেয়ে বেশি রান করে কমলা টুপি জিতেছে বৈভব। তার পরেই তাকে ভারতীয় দলে খেলানোর কথা বলেছিলেন বেশ কয়েক জন বিশেষজ্ঞ। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ়ের দলে নেওয়া হয়েছে তাকে। ভারতের এশিয়ান গেমসের দলেও রয়েছে সে। আয়ারল্যান্ড অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হওয়ায় সেখানে বৈভবকে খেলিয়ে দেখে নিতে চাইছে ভারত। ফলে চলতি সপ্তাহেই ভারতের বড়দের দলে দেখা যেতে পারে বিহারের ১৫ বছরের ক্রিকেটারকে।

Vaibhav Sooryavanshi India Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy