Advertisement
E-Paper

বৈভবের ২৯ বলে ৯৪ রানের জবাব দিতে পারল না শ্রীলঙ্কা! রেকর্ড গড়ে তিলকের ভারতকে চ্যাম্পিয়ন করল সূর্যবংশী

আগের ম্যাচে সুপার ওভারে ভারত ‘এ’-কে জেতাতে পারেনি বৈভব সূর্যবংশী। কিন্তু ফাইনালে ঝড় তুলল সে। তার ২৯ বলে ৯৪ রানের তাণ্ডবের কাছে হার মানল শ্রীলঙ্কা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ১৯:০০
cricket

মারমুখী মেজাজে বৈভব সূর্যবংশী। ছবি: পিটিআই।

আরও এক ফাইনাল। আরও এক বার বৈভব সূর্যবংশীর তাণ্ডব। আরও এক বার চ্যাম্পিয়ন ভারত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল হোক, বা ভারত ‘এ’ দলের হয়ে ত্রিদেশীয় সিরিজ়ের ফাইনাল, বৈভবের ব্যাটে ঝড় উঠবেই। সেটাই দেখা গেল রবিবার। তার ২৯ বলে ৯৪ রানের তাণ্ডবের কাছে হার মানল শ্রীলঙ্কা। ৬৬ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন তিলক বর্মারা।

কয়েক দিন আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে দলকে জেতাতে পারেনি বৈভব। খেলা শেষে প্রতিপক্ষ ক্রিকেটারকে ধাক্কা দিয়ে সমালোচিত হয়েছিল সে। তাই হয়তো এই ম্যাচে বাড়তি তাগিদ ছিল বৈভবের। প্রথম বল থেকেই তা দেখা গেল।

ইনিংসের প্রথম চার বলে চারটি চার মারে বৈভব। পঞ্চম বলে মারে ছক্কা। সেই শুরু। আর থামানো যায়নি তাকে। দেখে মনে হচ্ছিল, শতরান করবে বৈভব। কিন্তু আরও এক বার শতরানের আগে আউট হল সে। ২৯ বলে ৯৪ রান করল ভারতের বাঁহাতি ওপেনার। বার বার ৯০-এর ঘরে তার আউট হওয়ার প্রবণতা একটু হলেও চিন্তায় রাখবে ভারতীয় সমর্থকদের। শতরানের গণ্ডি পার করতে হবে তাকে।

শতরান হাতছাড়া হলেও বলের বিচারে লিস্ট এ ক্রিকেটে (৫০ ওভারের ম্যাচ) দ্রুততম অর্ধশতরান করল ১৫ বছরের ব্যাটার। ডাম্বুলার ২২ গজে ১১ বলে ৫০ রান পূর্ণ করে বৈভব ভেঙে দিল শ্রীলঙ্কারই কৌশল্য বীরারত্নের রেকর্ড। ২০০৫-০৬ মরসুমে রাগামা ক্রিকেট ক্লাব বনাম কুরুনেগালা ইয়ুথ ক্রিকেট ক্লাবের ম্যাচে ১২ বলে অর্ধশতরান করেছিলেন বীরারত্নে। এই তালিকায় তৃতীয় স্থানে নেমে গেলেন শ্রীলঙ্কারই নারাঙ্গদা লিয়ানাড়াচ্ছিগে থিসারা চিরন্ত পেরেরা। তিনি ২০২০-২১ মরসুমে শ্রীলঙ্কা আর্মি স্পোর্টস ক্লাব বনাম ব্লমফিল্ড ক্রিকেট ও অ্যাথলেটিক ক্লাবের ম্যাচে ১৩ বলে ৫০ রান করেন।

বৈভব ১১ বলে অর্ধশতরানের ইনিংসের প্রতি বলে করেছে যথাক্রমে ৪, ৪, ৪, ৬, ৬, ০, ৬, ৪, ৪, ৬, ৬ রান। অর্থাৎ ১১ বলের ১০টিতে মেরেছে পাঁচটি চার এবং পাঁচটি ছক্কা। বাঁ হাতি স্পিনার দুলাজ সমুদিতাকে ছক্কা মেরে নতুন রেকর্ড গড়েছে বৈভব।

শেষ পর্যন্ত ২৯ বলে ৯৪ রান করার পথে বৈভবের ব্যাট থেকে এসেছে ১০টি চার এবং আটটি ছক্কা। প্রথম উইকেটের জুটিকে প্রিয়াংশ আর্যের সঙ্গে ৮.৫ ওভারে ১৩২ রান তোলে বৈভব।

শুরু কাজে লাগায় ভারত ‘এ’। বৈভব আউট হওয়ার পরেও রান তোলার গতি কমেনি। প্রিয়াংশ ৩৯, রুতরাজ গায়কোয়াড় ৪০, অধিনায়ক তিলক ৬৭ ও কুমার কুশাগ্র ৩৬ রান করেন। শেষ দিকে অনুকূল রায়ের ব্যাট থেকে আসে ১৫ বলে ৩৯ রান। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৭৭ রান করে ভারত। সেখানেই খেলার ফয়সালা প্রায় করে ফেলে তারা।

শ্রীলঙ্কা ‘এ’ চেষ্টা করলেও ভারতের রানের কাছে পৌঁছোতে পারেনি। শুরু থেকে ওভার প্রতি প্রায় ৮ রান করতে হত তাদের। ফলে শুরু থেকে চালিয়ে খেলা ছাড়া উপায় ছিল না। সেটা করতে গিয়ে পর পর উইকেট পড়ে। সাদিরা সমরবিক্রমা ৫২, ওয়ানুজা সাহান ৬২ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে যশ ঠাকুর ও বিপরাজ নিগম ৩ করে উইকেট নেন। ২ উইকেট নেন অনুকূল। ১ করে উইকেট অশোক শর্মা ও তিলকের ঝুলিতে। ১৭ বল বাকি থাকতে ৩১১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ৬৬ রানে জেতে ভারত। ৯৪ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয় বৈভব।

India A Vaibhav Sooryavanshi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy