বিয়ের ছয় মাস পেরিয়েছে। এর মাঝেই গুঞ্জন, সমান্থা রুথ প্রভু নাকি মা হতে চলেছেন। শনিবার এক অনুষ্ঠানে সমান্থার পরনে ছিল আসমানি রঙের টি-শার্ট ও জিন্স। সেই ভিডিয়ো দেখে নেটপাড়ার একটা বড় অংশ শুভেচ্ছা জানাতে শুরু করেন সমান্থাকে। তাঁদের দাবি, সমান্থার স্ফীতোদর স্পষ্ট বোঝা যাচ্ছে। এর পরেই খুশিতে ভাসতে দক্ষিণী অভিনেত্রীর অনুরাগীরা। বহু দিন আগেও মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু নাগ চৈতন্যের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যায়।
নাগ চৈতন্যের সঙ্গে বিয়ে ভাঙার পরে দীর্ঘ যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন সমান্থা। শারীরিক অসুস্থতায়ও ভুগেছেন তিনি। এর পরে রাজ নিডিমোরুকে ২০২৫ সালে বিয়ে করেন সমান্থা। তবে তার অনেক আগে থেকেই তিনি মা হওয়ার ইচ্ছা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছিলেন। ২০১৮ সালে, নাগ চৈতন্যকে বিয়ে করার কয়েক মাস পর, সমান্থা পরিবার পরিকল্পনা নিয়ে কথা বলেছিলেন। সেই সময়ে তাঁকে প্রায়ই এই প্রশ্নের মুখোমুখি হতে হতো।
এক সাক্ষাৎকারে সমান্থা হেসে বলেছিলেন যে, তিনি এবং নাগ চৈতন্য আলোচনা করে তাঁদের প্রথম সন্তানের জন্মের একটি তারিখও ঠিক করেছিলেন। অভিনেত্রী বলেছিলেন, “আমরা তারিখ ঠিক করে রেখেছিলাম সন্তানের জন্মের।”
আরও পড়ুন:
সেই সাক্ষাৎকারেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল, সন্তান হওয়ার পরে কি তিনি অভিনয়জীবনে পিছিয়ে পড়বেন? তখন সমান্থা বলেছিলেন, “মা হওয়ার পরে, সন্তানই হবে আমার পুরো পৃথিবী। আমি কর্মরত মায়েদের সবসময় সম্মান করি। আমার ছোটবেলা খুব সুন্দর ছিল না। যাঁদের শৈশব খুব সুখের ছিল না, তাঁরা চান তাঁদের সন্তানদের যেন একই রকমের খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হতে না হয়। তাঁরা একসময় যা পাননি, সেই সবকিছু যেন সন্তান পায়। এই বিষয়টি আমার মনে গেঁথে আছে। তাই আমার সন্তান হওয়ার পরে প্রথম কয়েক বছর ওর সঙ্গেই আমি থাকব।”
২০২১ সালে ‘শকুন্তলম’ ছবির প্রচারের সময়ে ছবির প্রযোজক নীলিমা গুনা জানিয়েছিলেন, সমান্থা সেই বছরই নাগা চৈতন্যের সন্তানের মা হতে চেয়েছিলেন। নীলিমার দাবি, সমান্থা চেয়েছিলেন ছবির শুটিং ২০২১ সালের অগস্টের মধ্যে শেষ করতে, যাতে তিনি পরিবার পরিকল্পনা করতে পারেন এবং অভিনয় থেকে কিছুদিনের বিরতি নিতে পারেন।
সমান্থা রুথ প্রভু এবং নাগ চৈতন্য ২০২১ সালেই বিচ্ছেদের পথে হাঁটেন। বিয়ের চার বছর পর এই বিচ্ছেদ হয়েছিল। এর পর নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন। শোনা যায়, শোভিতার সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই নাগ চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয়েছিল সমান্থার।