ছোটদের বিশ্বকাপে সুপার সিক্স পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ভারত জিতলেই সেমিফাইনালে চলে যাবে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যাবেন আয়ুষ মাত্রেরা। শেষ চারে যাওয়ার সুযোগ রয়েছে পাকিস্তানেরও। ফারহান ইউসাফদের অবশ্য শুধু জিতলেই হবে না। পূরণ করতে হবে শর্ত। ভারতের দেওয়া ২৫৩ রানের লক্ষ্যে ৩৩.৩ ওভারের মধ্যে পৌঁছোতে হবে পাকিস্তানকে।
রবিবারের ম্যাচের আগে পর্যন্ত সুবিধাজনক জায়গায় ভারত। ৩ ম্যাচে মাত্রেদের পয়েন্ট ৬। সমসংখ্যক পাকিস্তানের পয়েন্ট ৪। পাকিস্তান জিতলে দু’দলের পয়েন্ট সমান হবে। তখন বিবেচ্য হবে নেট রান রেট। এই ম্যাচের আগে ভারতের নেট রান রেট ছিল ৩.৩৩৭। পাকিস্তানের ১.৪৮৪। তাই সেমিফাইনালে উঠতে হলে পাকিস্তানকে নেট রান রেটে টপকে যেতে হবে ভারতকে।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক ইউসাফ। প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগাতে পারেনি ভারত। অ্যারন জর্জ (১৬), বৈভব সূর্যবংশী (৩০), মাত্রে (০), বিহান মলহোত্র (২১), অভিজ্ঞান কুন্ডুরা (১৬) প্রত্যাশা মতো খেলতে পারেননি। ৪৭ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর চাপের মুখে ভাল খেললেন বেদান্ত ত্রিবেদী। ২২ গজের এক দিক আগলে রেখে করলেন ৯৮ বলে ৬৮ রান। তাঁর সঙ্গে বিহানের ৬২ রানের এবং অভিজ্ঞানের ৩৮ রানের জুটি ভারতীয় ইনিংসকে স্বস্তি দেয় কিছুটা। শেষ দিকে আরএস অম্বরীশ (২৯), কণিষ্ক চৌহান (৩৫), খিলান পটেলেরা (২১) দলকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন। ভারতের ইনিংস শেষ হয়েছে ২৫২ রানে। পাকিস্তানকে সেমিফাইনালে উঠতে হলে ৩৩.৩ ওভারের মধ্যে জয়ের রান তুলতে হবে। আরও একটি সুযোগ রয়েছে। ৩৪.৩ বল পর্যন্ত আশা থাকবে পাকিস্তানের। সে ক্ষেত্রে শেষ বলে ছয় মেরে জিততে হবে। না পারলে জিতেও লাভ হবে না। সেমিফাইনালে চলে যাবে ভারত।
পাকিস্তানের বোলারদের মধ্যে ভাল বল করেছেন আব্দুল সুভান। ৩৩ রানে ৩ উইকেট তাঁর। ৬৯ রানে ২ উইকেট মহম্মদ সায়ামের। ১টি করে উইকেট পেয়েছেন আলি রাজ়া, আহমেদ হোসেন, মোমিন কামার এবং আলি হাসান বালোচ।
পাকিস্তানকে হারিয়ে ভারত সেমিফাইনালে উঠলে আফগানিস্তানকে প্রতিপক্ষ হিসাবে পাবে। ম্যাচ হেরেও শেষ চারে গেলে মাত্রেদের খেলতে হবে অস্ট্রেলিয়ার সঙ্গে। অন্য দিকে, পাকিস্তান সেমিফাইনালে উঠলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই খেলতে হবে তাদের। কারণ, এই গ্রুপ থেকে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছে ইংল্যান্ড। পয়েন্টের হিসাবে ইংল্যান্ডকে টপকানো সম্ভব নয় পাকিস্তানের পক্ষে। ভারত জিতলে ইংল্যান্ডের মতো তাদের পয়েন্টও হবে ৮। নেট রান রেটে এগিয়ে রয়েছেন মাত্রেরা।