আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলি। আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত নন, এমন ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে শিবির। রাজস্থান রয়্যালসের অনুশীলনে যোগ দিয়েছে বৈভব সূর্যবংশী। দলের অনুশীলনে ছক্কা মেরে জলের পাইপ ফাটিয়ে দিয়েছে বৈভব। অন্য দিকে, আইপিএলে ঘরের ম্যাচ খেলা নিয়ে জটিলতা কাটল রাজস্থানের। জয়পুরে ম্যাচ খেলার অনুমতি পেয়েছে রিয়ান পরাগের দল।
ক্রিকেট বিশ্ব বৈভবকে চেনে তার আগ্রাসী ব্যাটিংয়ের জন্য। ম্যাচে তো বটেই, অনুশীলনেও মারার সুযোগ হাতছাড়া করে না ১৪ বছরের ব্যাটার। রাজস্থান রয়্যালসের প্রাক্ মরসুম প্রস্তুতি শিবিরে সতীর্থদেরও ছাড় দিচ্ছে না সে। দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা না দিয়ে রাজস্থানের শিবিরে যোগ দেওয়া বৈভব আবার নজর কাড়ল। যে অ্যাকাডেমিতে শিবির চলছে, সেখানকার জলের একটি পাইপ ফাটিয়ে দিয়েছে বৈভব। ছক্কা মেরে পাইপ ফাটিয়েছে ১৪ বছরের ব্যাটার। বল তার ব্যাটে লাগার পর উড়ে গিয়ে সোজা মাঠের বাইরে বেশ উঁচুতে থাকা একটি পাইপে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে পাইপ ফেটে জল পড়তে শুরু করে। ফাটা পাইপের ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছেন রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ। ভিডিয়োর সঙ্গে তাঁরা যা লিখেছেন তার অর্থ, ‘এটা বৈভবের কাজ।’
অন্য দিকে, আসন্ন আইপিএলে রাজস্থানের ঘরের ম্যাচ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। রাজস্থান ক্রিকেট সংস্থায় গত কয়েক বছর ধরে নির্বাচিত কমিটি না থাকায় অসন্তুষ্ট ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএলের গত নিলামের সময়ই রাজস্থান কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়, রাজস্থান ক্রিকেট সংস্থার পরিচালন ক্ষমতা নির্বাচিত কমিটির হাতে না যাওয়া পর্যন্ত জয়পুরে আর আইপিএলের ম্যাচ দেওয়া হবে না। রাজস্থান ক্রিকেট সংস্থার প্রশাসককেও (রাজ্য সরকার নিয়োজিত) বিষয়টি জানিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মার হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়েছে। বিসিসিআই, রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ এবং সরকারের মধ্যে কয়েক দফা আলোচনার পর ক্রিকেটপ্রেমীদের স্বার্থে জয়পুরে ম্যাচ দিতে রাজি হয়েছেন বোর্ড কর্তারা।
আরও পড়ুন:
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে চারটি হোম ম্যাচ খেলবেন পরাগেরা। বাকি তিনটি হোম ম্যাচ তাঁরা খেলবেন গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। যা রাজস্থান অধিনায়কের ঘরের মাঠ।