Advertisement
E-Paper

কোহলির মুখে শুধু এক জনেরই প্রশংসা, ‘খারাপ সময়ে একমাত্র ও-ই পাশে ছিল’

মাঠের বাইরে থাকার সময়টা যে কঠিন গিয়েছে, সেটা স্বীকার করেছেন কোহলি। সম্প্রতি এটাও জানিয়েছেন, ওই সময়ে পরিবার এবং স্ত্রী বাদে একমাত্র একজনই তাঁর খোঁজ নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২৭
file pic of virat kohli

আরসিবি-র একটি পডকাস্টে ধোনির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন কোহলি। ফাইল ছবি

সাম্প্রতিক কালে সাদা বলের ক্রিকেটে তাঁকে তুখোড় ছন্দে দেখা গিয়েছে। গত বছরের এশিয়া কাপ থেকে যার শুরু। তবে তার আগে একেবারেই ছন্দে ছিলেন না বিরাট কোহলি। সব ফরম্যাটের ক্রিকেটে ধারাবাহিক ভাবে ব্যর্থ হচ্ছিলেন। অভিমানে এক সময় ক্রিকেট থেকে বিরতি নিয়ে ফেলেছিলেন। ফিরে এসেই অন্য ছন্দে দেখা যাচ্ছে তাঁকে। কিন্তু মাঠের বাইরে থাকার সময়টা যে কঠিন গিয়েছে, সেটা স্বীকার করেছেন কোহলি। সম্প্রতি এটাও জানিয়েছেন, ওই সময়ে পরিবার এবং স্ত্রী বাদে যদি একমাত্র কেউ তাঁর খোঁজ নিয়ে থাকেন, তিনি মহেন্দ্র সিংহ ধোনি।

আরসিবি-র একটি পডকাস্টে ধোনির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন কোহলি। বলেছেন, “ওই সময়ে আমার সবচেয়ে বড় শক্তি ছিল অনুষ্কা। গোটা সময়টাই আমার সঙ্গে কাটিয়েছে এবং চোখের সামনে দেখেছে প্রতিটা অনুভূতি, কোন অবস্থার মধ্যে দিয়ে আমি গিয়েছি, কী কী আমার সঙ্গে হয়েছে। ছোটবেলার কোচ এবং পরিবার ছাড়া যে মানুষটা আমার সঙ্গে যোগাযোগ রেখেছে, সে মহেন্দ্র সিংহ ধোনি।”

টানা ১১ বছর ভারতের সাজঘরে ধোনির সঙ্গে ছিলেন কোহলি। ভারতের সেরা অধিনায়ক হিসাবে ধোনিকে মেনে নিতেও কোনও দ্বিধা নেই তাঁর মনে। বলেছেন, “ধোনির সঙ্গে সহজে যোগাযোগ করাই যায় না। সে নিজে থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছে। যে কোনও দিন ফোন করলে ৯৯ শতাংশ নিশ্চিত থাকতে পারেন যে ও ফোন ধরবে না। কারণ ও ফোনের দিকেই তাকায় না। সে কিনা দু’বার আমাকে নিজে থেকে মেসেজ করেছে। ও আমাকে বলেছিল, ‘তোমাকে শক্তিশালী হতে হবে। নিজেকে এতটা শক্তিশালী করতে হবে, যাতে লোকে এটা না জিজ্ঞাসা করে যে তুমি কেন আছো?’ ধোনির ওই কথা আমাকে ধাক্কা দেয়। কারণ আমি নিজেকে এত দিন আত্মবিশ্বাসী, মানসিক ভাবে শক্তিশালী মানুষ হিসেবেই দেখতাম যে কিনা যে কোনও পরিস্থিতিতে সমাধানের একটা পথ খুঁজে পায়।”

কোহলির সংযোজন, “কখনও কখনও জীবনে একটা সময় আসে যখন মানুষ হিসাবে দু’ধাপ পিছিয়ে যেতে হয়। বুঝতে হয় যে নিজে কেমন আছি, মানসিক ভাবে আমি কতটা শক্তিশালী। তা হলেই ফিরে আসা সহজ হয়।”

Virat Kohli MS Dhoni BCCI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy