Advertisement
E-Paper

রবিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ‘ফাইনাল’ খেলতে নামছে মোহনবাগান, কামিংসের গোলখরা নিয়ে মাথাই ঘামালেন না লোবেরা

আইএসএলে বরাবর কলকাতা ডার্বির আগে এগিয়ে থেকে নেমেছে মোহনবাগান। এই প্রথম ইস্টবেঙ্গলের থেকে পিছিয়ে নামবে তারা। মোহনবাগানের কোচ সের্জিয়ো লোবেরার মতে, রবিবারের ম্যাচ তাদের কাছে ‘ফাইনাল’।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ২০:২৮
football

মোহনবাগানের কোচ সের্জিয়ো লোবেরা। ছবি: সমাজমাধ্যম।

আইএসএলে বরাবর কলকাতা ডার্বির আগে এগিয়ে থেকে নেমেছে মোহনবাগান। সে পয়েন্ট তালিকাতেই হোক বা দলের শক্তির বিচারে। তবে রবিবার প্রথম বার আইএসএলে পয়েন্ট তালিকায় ইস্টবেঙ্গলের থেকে পিছিয়ে নামবে মোহনবাগান। সমস্যা রয়েছে ফুটবলারদের ফর্ম নিয়েও। জিতলে অবশ্য ট্রফি জয়ের দিকে এগিয়ে যাওয়া যাবে। তাই মোহনবাগানের কোচ সের্জিয়ো লোবেরার মতে, রবিবারের ম্যাচ তাদের কাছে ‘ফাইনাল’। তিনি পাত্তা দিলেন না স্ট্রাইকারদের গোলখরাকেও।

এ দিন লোবেরা বলেন, “আমরা কাল একটা ফাইনাল খেলতে নামছি। অসাধারণ লাগছে। কারণ ফুটবলে এ রকম ম্যাচই তো আমরা চাই। এই পরিবেশই চাই। আমরা সব কিছু উপভোগ করছি। এই ধরনের ম্যাচ খেলতেই কোচ বা ফুটবলার হওয়া। কাল ফাইনাল। আমাদের জিততেই হবে। আমি যথেষ্ট আত্মবিশ্বাসী। দলে ভাল ফুটবলার রয়েছে যাদের এ রকম ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ডার্বি খেলা সব সময় বাড়তি অনুপ্রেরণা। কালকের ম্যাচ জিতলে ট্রফি জয়ের দিকে আর এক ধাপ এগিয়ে যাব। আমরা তৈরি।”

গত কয়েকটি ম্যাচে মোহনবাগানের স্ট্রাইকারেরা মাথাব্যথার কারণ হয়ে উঠেছেন। কিছুতেই গোল করতে পারছেন না। সুযোগ তৈরি হলেও নষ্ট হচ্ছে। তবে লোবেরার ব্যাখ্যা, “যা হয়েছে তা ভুলে যেতে চাই। পরের ম্যাচটা অন্য রকম। যদি দল সুযোগ তৈরি করতে না পারত তা হলে চিন্তায় পড়তাম। কিন্তু আমরা সুযোগ তৈরি করছি। দলে যারা রয়েছে তারা গোল করতে দক্ষ। ফুটবলারদের সঙ্গে কথা বলেছি। ওদের অনেক অভিজ্ঞতা রয়েছে। বেশি উপদেশ ওদের দিতে হয়। কারণ নিজেদের কাজ ওরা ভালই জানে। এটুকু বলতে পারি, আমাদের আরও নিখুঁত হতে হবে।”

প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে যথেষ্ট সমীহ করছেন লোবেরা। তাঁর মতে, এটাই ইস্টবেঙ্গলের সেরা দল। বলেছেন, “আইএসএলের ইতিহাসে এটাই ইস্টবেঙ্গলের অন্যতম সেরা দল। ট্রফির লড়াইয়ে মুম্বই সিটি, গোয়া, জামশেদপুর, পঞ্জাবও রয়েছে। তাদের থেকে ইস্টবেঙ্গলের দল ভাল। ওদের যেখানে থাকার দরকার সেখানেই আছে। আমাপ মতে, এ ধরনের প্রতিযোগিতা, বিশেষ করে যেখানে ১৩টা ম্যাচ, সেখানে সকলেরই ট্রফি জেতার সুযোগ থাকে। ২৬টা ম্যাচ হলে নিজেদের আরও বেশি পরিশ্রম করতে হয়। তবু আমরা রবিবার নিজেদের সেরাটা দেব। সমর্থকেরা ট্রফি চান। প্রথম ক্লাব হিসাবে মোহনবাগানকে ট্রফিজয়ের হ্যাটট্রিক করাতে চাই।”

মোহনবাগানের অনুশীলনে এ দিন দেখা যায় ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত এবং সিইও বিনয় চোপড়াকে। গোলকিপারে যেখানে অনুশীলন করেন সে দিকে দাঁড়িয়ে তাঁরা দীর্ঘ ক্ষণ নিজেদের মধ্যে কথা বলেন। অন্য দিকে, ইস্টবেঙ্গলের অনুশীলনে হাজির ছিলেন দলের অন্যতম কর্তা বিভাগ অগ্রবাল। তিনি অনেক ক্ষণ কথা বলেন কোচ অস্কার ব্রুজ়োর সঙ্গে।

East Bengal Mohun Bagan Sergio Lobera ISL 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy