আইএসএলের চলতি মরসুম শেষেই কি ইস্টবেঙ্গল ছাড়ছেন কোচ অস্কার ব্রুসো? মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচের আগে ক্রমশ উদ্বেগ বাড়ছে লাল-হলুদ জনতার। সমাজমাধ্যমে অস্কার নিজে যে পোস্ট করেছেন তাতেই বার্তা স্পষ্ট। পাশাপাশি মিগুয়েল ফিগুয়েরার শাস্তি কমাতে ফের ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে আবেদন করেছে ইস্টবেঙ্গল।
গত বছরে ১৪ ফেব্রুয়ারি অস্কার চুক্তির নবীকরণ করেছিলেন। সূত্রের খবর, এ বছর এখনও পর্যন্ত তাঁর চুক্তির মেয়াদ বৃদ্ধি করার প্রস্তাব নাকি দেওয়া হয়নি ইস্টবেঙ্গলের তরফে। এই কারণেই চূড়ান্ত হতাশ অস্কার লাল-হলুদ শিবির ছাড়ার কথা ভাবছেন। আরও জানা যাচ্ছে, ভারতীয় ফুটবলের ভবিষ্যতের অনিশ্চয়তাও তাঁকে যথেষ্ট ভাবাচ্ছে। এ দিন সমাজমাধ্যমে অস্কার লিখেছেন, “শেষ লড়াই। মে ২০২৬।” প্রশ্ন উঠছে তবে কি মে মাসেই শেষ বারের মতো লাল-হলুদ ডাগ আউটে দেখা যাবে অস্কারকে?
এই মুহূর্তে লিগ টেবলে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল রয়েছে পঞ্চম স্থানে। পয়েন্ট নষ্ট করা মানেই চ্যাম্পিয়নশিপের স্বপ্ন ক্রমশ দূরে সরবে। মঙ্গলবার লালিয়ানজ়ুয়ালা ছাংতেদের মুখোমুখি হবেন ইউসেফরা। দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছেন আনোয়ার আলি এবং মহম্মদ রশিদ। মুম্বইয়ের বিরুদ্ধে হয়তো দু’জনকে রেখেই দল সাজাবেন অস্কার।
এ দিকে মুম্বইয়ের বিরুদ্ধে মিগুয়েলকে পেতে মরিয়া ইস্টবেঙ্গল। ক্লাবের আইনজীবীদের তরফে নির্বাসনের শাস্তি কমানোর আবেদন করা হয়েছে। নির্বাসনের কারণে ওড়িশা ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলীয় মিডফিল্ডার। আটচল্লিশ ঘণ্টার মধ্যেই জানা যাবে, মিগুয়েল মুম্বই ম্যাচে খেলবেন কি না। আজ কেরল এফসির বিরুদ্ধে আইডব্লিউএলে নবম ম্যাচে নামছেন ফাজ়িলা ইকওয়াপুটরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)