Advertisement
E-Paper

গোলাপি বলের টেস্টে প্রথম দিনের নায়ক কোহালিদের দলের ‘জয়সূর্য’

জীবনের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছিলেন অক্ষর, সেই ম্যাচেও ৫ উইকেট নিলেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ১০:৪১
উইকেট নেওয়ার পর ভারতীয় দলের উচ্ছ্বাস।

উইকেট নেওয়ার পর ভারতীয় দলের উচ্ছ্বাস। ছবি: পিটিআই

গোলাপি বলের টেস্টে প্রথম দিন ইংল্যান্ড দলকে বিপাকে ফেললেন অক্ষর পটেল। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (মোতেরা) ১১২ রানে ইংল্যান্ড দলকে ফিরিয়ে দেওয়ার মূল কাণ্ডারি ছিলেন গুজরাতের ঘরের ছেলে। জীবনের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছিলেন অক্ষর, সেই ম্যাচেও ৫ উইকেট নিলেন তিনি।

গুজরাতের নদিয়াদে জন্ম অক্ষরের। ব্যাট এবং বলে সমান পারদর্শী অক্ষর যেমন উইকেট নিতে পারতেন, তেমনই দ্রুত রানও তুলে দিতেন। বাঁ হাতে তাঁর এই দক্ষতার কারণে ছোটবেলায় ‘জয়সূর্য’ বলে ডাকা হতো অক্ষরকে। ছোটবেলা থেকে ক্রিকেট খেললেও খুব মসৃণ ছিল না তাঁর ক্রিকেট যাত্রা। অক্ষরের বাবা রাজেশ পটেল ছেলেকে ক্রিকেট খেলতে দিতেন সুস্থ রাখার জন্য। ছেলে যাতে অন্যদের মতো সময় নষ্ট না করে সেই জন্যই ক্রিকেট খেলতে দিতেন তিনি।

এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজেশ বলেন, “ওর কোচকে বলেছিলাম কেমন খেলছে সেই নিয়ে ভাবতে হবে না। ওকে এত দৌড় করান যেন বাড়ি এসে হাঁপিয়ে যায়। কিন্তু প্রথমে স্কুলের হয়ে, পরে অনূর্ধ্ব-১৬ দলের হয়ে খেলতে শুরু করে অক্ষর। এই ভাবেই শুরু হয় ওর ক্রিকেট জীবন।”

অক্ষরের টেস্ট অভিষেক এই বছর ঘটলেও ভারতের হয়ে একদিনের ক্রিকেটে ২০১৪ সালে খেলেছিলেন তিনি। সেই ভাবে নজর কাড়তে না পারায় দল থেকে বাদ পড়েন অক্ষর। তবে টেস্ট ক্রিকেটে স্বপ্নের শুরু করেছেন এই বাঁ হাতি স্পিনার।

ইংল্যান্ডকে ১১২ রানে শেষ করে দিনের শেষে ভারতের স্কোর ৯৯/৩। দ্বিতীয় দিনে বড় রানের লিড নেওয়ার লক্ষ্যে রোহিত শর্মারা।

Pink ball test Axar Patel India vs England 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy