ক্যান্ডিডেটস দাবায় দুরন্ত দৌড় ধরে রাখলেন ভারতের আর. বৈশালী। ১০ নম্বর রাউন্ডে তিনি আনা মুজ়িচুকের সঙ্গে ড্র করে একক ভাবে শীর্ষে উঠে এলেন। তবে ওপেন বিভাগে জ়াভোখির সিন্দারভ জয়ের ধারা অব্যহত রেখে এ বার হারালেন আর. প্রজ্ঞানন্দকে। হেরে গিয়েছেন প্রতিযোগিতার আর এক ভারতীয় দিব্যা দেশমুখও।
গোটা প্রতিযোগিতায় ধারবাহিকতা দেখিয়ে চলা বৈশালীর পয়েন্ট এখন ছয়। অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে থাকা ইউক্রেনের দাবাড়ুকে গোটা গেমে কোনও সুযোগ দেননি বৈশালী। স্বচ্ছন্দে ড্রয়ের পথে এগিয়ে যান তিনি। গেমের শেষের দিকে কোনও জটিলতা তৈরি না হয়, সে দিকেও খেয়াল রেখেছিলেন বৈশালী। দ্বিতীয় স্থানে আছেন এখন মুজ়িচুক এবং চিনের ঝু জিনার। দু’জনেরই পয়েন্ট ৫.৫। এর পরে আছেন তিন জন ক্যাটারিনালাগনো, আলেকসান্দ্রা গোরিয়াচকিনা এবং কাজ়াখস্থানের বিবিসারা আসায়ুবায়েভা। তাঁদের পয়েন্ট ৫। দিব্যা হেরেছেন রাশিয়ার আলেকসান্দ্রা গোরিয়াচকিনার কাছে। তাঁর পয়েন্ট এখন ৪.৫।
প্রতিযোগিতায় বাকি চার রাউন্ড। শুক্রবার বিশ্রাম। শনিবার বৈশালী মুখোমুখি হবেন আলেকসান্দ্রার। এই গেমেও তিনি জিততে পারলে, আরও ব্যবধান বাড়াতে পারবেন এবং বিশ্বচ্যাম্পিয়ন জু ওয়েনজুনের চ্যালেঞ্জার হিসেবে উঠে আসবেন। যে ম্যাচ হবে চলতি বছরে। বৈশালী শুরু থেকেই তাঁর আক্রমণাত্মক রণনীতিতে খেলার জন্য নজর কেড়ে নিয়েছেন। এখনও পর্যন্ত তিনি তিনটি জয় এবং একটি মাত্র গেম হেরেছেন। হিসেব কষে ঝুঁকি নিয়ে তিনি লক্ষ্যে অনড় আছেন। রাশিয়ার দাবাড়ুর সঙ্গে রাউন্ডের পরে বৈশালীকে মুখোমুখি হতে হবে দুই চিনা দাবাড়ু এবং ক্যাটারিনার। এই তিনটি ম্যাচে একই ভাবে খেলতে পারলে বৈশালী চ্যাম্পিয়ন হওয়ার দিকে অনেকটাই এগিয়ে যাবেন।
তবে মেয়েদের বিভাগে যেমন এখনও বৈশালী ছাড়া অন্য কারও শীর্ষে উঠে আসার সুযোগ রয়েছে, ঠিক উল্টো ছবি ওপেন বিভাগে। যেখানে সিন্দারভ অপ্রতিরোধ্য ভাবে এগিয়ে যাচ্ছেন। উজ়বেকিস্তানের দাবাড়ু শীর্ষস্থান আরও মজবুত করেছেন। এখনও পর্যন্ত তিনি ছটি জয়ের পাশাপাশি ড্র করেছেন চারটি রাউন্ডে। তিনি আছেন ৮ পয়েন্টে। এর পরে আছেন অনীশ গিরি (৬ পয়েন্ট)। প্রজ্ঞার পয়েন্ট এখন ৪। ফলে অনেকেই মনে করছেন বিরাট কোনও অঘটন না ঘটলে গুকেশের চ্যালেঞ্জার হিসেবে সিন্দারভের খেলাটা শুধু সময়ের অপেক্ষা ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)