Advertisement
E-Paper

ক্যান্ডিডেটস দাবার দ্বাদশ রাউন্ডে হার বৈশালীর, শীর্ষস্থান হারালেন প্রজ্ঞানন্দের দিদি

ক্যান্ডিডেটস দাবায় শীর্ষস্থান হারালেন রমেশবাবু বৈশালী। চিনের ঝু জিনেরের কাছে হারলেন ভারতীয় দাবাড়ু। চাপ বাড়ল তাঁর উপর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১১:২৩
sports

রমেশবাবু বৈশালী। ছবি: রয়টার্স।

স্বপ্নপূরণের পথে হঠাৎ ধাক্কা খেলেন রমেশবাবু বৈশালী। ক্যান্ডিডেটস দাবায় শীর্ষস্থান হারালেন তিনি। দ্বাদশ রাউন্ডে চিনের ঝু জিনেরের কাছে হারলেন ভারতীয় দাবাড়ু। চাপ বাড়ল তাঁর উপর। এই মুহূর্তে বৈশালীকে টপকে শীর্ষে জিনের। বাকি রয়েছে আর দু’টি রাউন্ড। এই প্রতিযোগিতা জিতলে মহিলাদের বিশ্বচ্যাম্পিয়ন চিনের জু ওয়েনজুনকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন বৈশালী। ২০১৮ সাল থেকে মহিলাদের দাবার বিশ্বচ্যাম্পিয়ন ওয়েনজুন। গত তিন বারের ক্যান্ডিডেটস চ্যাম্পিয়ন তাঁকে হারাতে পারেননি।

সাইপ্রাসে আয়োজিত ক্যান্ডিডেটসে এখনও পর্যন্ত দু’টি ম্যাচ হেরেছেন বৈশালী। দু’টিই জিনেরের কাছে। পঞ্চম রাউন্ডে হেরেছিলেন। এ বার হারলেন দ্বাদশ রাউন্ডে। সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন বৈশালী। কিন্তু শুরুতেই কারো-কান ডিফেন্সে চলে যান প্রজ্ঞানন্দের দিদি। সেই সুযোগ কাজে লাগান জিনের। তিনি আক্রমণাত্মক চাল দিতে থাকেন। ৬ ঘণ্টার লড়াইয়ে হার মানেন বৈশালী।

দশম ও ১৩তম চালে প্রায় ৫০ মিনিট সময় নেন বৈশালী। ফলে ১৬তম চালের সময় তাঁর হাতে আর মাত্র ১৭ মিনিট ৫৯ সেকেন্ড সময় ছিল। সেখানে জিনেরের হাতে ছিল প্রায় ১ ঘণ্টা। ক্লাসিক্যাল দাবার নিয়ম অনুযায়ী প্রাথমিক ৪০ চালের মধ্যে শেষ ২৩টি চালের জন্য বৈশালীর কাছে ১৪ মিনিটেরও কম সময় ছিল। সেই চাপ আর সামলাতে পারেননি ভারতীয় দাবাড়ু। হার মানেন তিনি।

Advertisement

১২ রাউন্ডের পর জিনের ও বৈশালী দু’জনেরই পয়েন্ট ৭। কিন্তু রেটিং বেশি থাকায় জিনের শীর্ষে রয়েছেন। দু’জনের কাছেই দু’টি করে রাউন্ড বাকি। টান ঝংজ়ি ও ক্যাটেরিনা লাগনোর বিরুদ্ধে। প্রথম লড়াইয়ে দু’জনকেই হারিয়েছেন তিনি। ফলে আত্মবিশ্বাস থাকবে বৈশালীর। অন্য দিকে জিনেরের শেষ দুই ম্যাচ অ্যানা মুজ়িচুক ও আলেকজ়ান্দ্রা গোরিয়াচকিনার বিরুদ্ধে। মুজ়িচুকের বিরুদ্ধে আগের রাউন্ডে তিনি হেরেছেন। গোরিয়াচকিনার বিরুদ্ধে ড্র করেছেন। ফলে জিনেরের সামনেও কঠিন লড়াই।

২০২৫ সালের দাবা বিশ্বকাপ জিতে ক্যান্ডিডেটসে সুযোগ পাওয়া দিব্যা দেশমুখের খারাপ সময় চলছে। ঝংজ়ির কাছে হেরেছেন তিনি। এই প্রথম কোনও ম্যাচ জিতেছেন ঝংজ়ি। পয়েন্ট তালিকায় সকলের শেষে ভারতীয় দাবাড়ু দিব্যা। ওপেন ক্যান্ডিডেটসে ভারতের একমাত্র প্রতিযোগী প্রজ্ঞানন্দও একেবারে শেষে রয়েছেন। আন্দ্রে এসিপেঙ্কোর বিরুদ্ধে ড্র করেছেন তিনি। প্রজ্ঞানন্দ ও দিব্যা, দু’জনেই ক্যান্ডিডেটস জেতার লড়াই থেকে বেরিয়ে গিয়েছেন। ভারতের একমাত্র ভরসা বৈশালী।

Vaishali Rameshbabu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy