E-Paper

ড্র করেও খেতাবের দৌড়ে বৈশালী, জয়ী সিন্দারভ

সাদা ঘুঁটি নিয়ে খেলতে নেমে ১২তম রাউন্ডে পয়েন্টের ব্যবধান বাড়ানোর সুযোগ হারান বৈশালী। তিনি হেরে গিয়েছিলেন চিনের জিনার ঝু-এর কাছে। পাশাপাশি আসায়ুবায়েভা হাড্ডাহাড্ডি ম্যাচে হারিয়েছিলেন লাগনোকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ০৭:৩৫
নজরে: বৈশালীর সামনে খেতাব জয়ের সুযোগ।

নজরে: বৈশালীর সামনে খেতাব জয়ের সুযোগ। —ফাইল চিত্র।

ক্যান্ডিডেটস দাবায় ১৩তম রাউন্ডে ড্র করে খেতাব জয়ের আশা ধরে রাখলেন ভারতের আর বৈশালী। মঙ্গলবার চিনের ট্যান ঝংগেই-এর সঙ্গে পয়েন্ট ভাগ করে নেন তিনি। বৈশালীর সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে আছেন কাজাখস্তানের বিবিসারা আসায়ুবায়েভা। তিনি ইউক্রেনের আনা মুজ়িচুককে হারান। বৈশালী ও বিবিসারা দু’জনেরই পয়েন্ট ৭.৫। বুধবার শেষ রাউন্ডের খেলা। এর পরেই আছেন ঝু জিনার (৭ পয়েন্ট)। মুজ়িচুক, ক্যাটেরিনা লাগনো ও আলেকসান্দ্রা গোরিয়াচকিনা আছেন ৬.৫ পয়েন্টে। ঝংগেই-এর পয়েন্ট ৫.৫। শেষে ৫ পয়েন্ট নিয়ে আছেন দিব্যা দেশমুখ।

এর আগে সাদা ঘুঁটি নিয়ে খেলতে নেমে ১২তম রাউন্ডে পয়েন্টের ব্যবধান বাড়ানোর সুযোগ হারান বৈশালী। তিনি হেরে গিয়েছিলেন চিনের জিনার ঝু-এর কাছে। পাশাপাশি আসায়ুবায়েভা হাড্ডাহাড্ডি ম্যাচে হারিয়েছিলেন লাগনোকে।

ওপেন বিভাগে উজ়বেকিস্তানের জ়াভোখির সিন্দারভ শেষ দু’রাউন্ডে নামার আগেই প্রায় নিশ্চিত করে ফেলেছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের ডি.গুকেশের চ্যালেঞ্জার হওয়া। তিনি ছিলেন ৯ পয়েন্টে। চ্যাম্পিয়ন হওয়া থেকে আর একটি ড্র দূরে ছিলেন তিনি। ডাচ গ্র্যান্ডমাস্টার অনীশ গিরির সঙ্গে ১৩তম রাউন্ডে ড্র করে এক রাউন্ড বাকি থাকতেই প্রতিযোগিতায় জয় নিশ্চিত করে ফেললেন সিন্দারভ। দু’সপ্তাহের প্রতিযোগিতায় অপ্রতিরোধ্য ভাবে খেলে গিয়েছেন তিনি। কেউ তাঁকে হারাতে পারেননি। তিনি ৯.৫ পয়েন্টে পৌঁঁছে বাকিদের ধরা-ছোঁয়ার বাইরে চলে গিয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা অনীশের চেয়ে দু’পয়েন্টে এগিয়ে এখন তিনি।

ফলে চলতি বছরেই তাঁকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের চ্যালেঞ্জার হিসেবে দেখা যাবে। অবশ্য এখনও বিশ্বচ্যাম্পিয়নশিপের তারিখ এবং কোথায় তা হবে, ঠিক হয়নি।

তবে এখনই সেই ম্যাচ নিয়ে ভাবতে চান না ২০ বছর বয়সি সিন্দারভ। তিনি বলেছেন, ‘‘এখনই বিশ্ব চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবছি না। জানি সেখানে লড়াইটা খুবই কঠিন হবে। এই পর্যায়ে খেলার অভিজ্ঞতা আছে গুকেশের।’’ তিনি যোগ করেছেন, ‘‘তবে আমার টিমও বেশ ভাল। সামনে অনেক কাজ রয়েছে। প্রচুর পরিশ্রম করব বিশ্বচ্যাম্পিয়নশিপে সেরাটা দেওয়ার জন্য।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

chess Indian Chess Chess Player

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy