আইপিএলে খেলার জন্য তর সইছে না সুরেশ রায়নার। মাঠে নামার জন্য ছটফট করছেন তিনি। নেটমাধ্যমে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) ক্রিকেটার বুঝিয়ে দিয়েছেন, মাঠে নামতে কতটা মুখিয়ে রয়েছেন তিনি।
গত বার দুবাইয়ে গিয়েও আইপিএল না খেলে দেশে ফিরে আসেন রায়না। প্রথমে জানা যায় কোভিডের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন। পরে জানা যায়, রায়নার কাকা খুন হওয়াতে পরিবারের পাশে দাঁড়াতেই তিনি ফিরেছেন। দলে মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে মতানৈক্যের খবরও ভেসে এসেছিল। জানা গিয়েছিল, পছন্দের ঘর পাননি বলেই আইপিএলে খেলতে চাননি রায়না।
এ বার সব বিতর্ক দূরে সরিয়ে শুরু থেকেই সিএসকে-র অনুশীলনে নেমে পড়েছেন রায়না। বুধবার তাঁর অনুশীলনের একটি ভিডিয়ো প্রকাশ করেছে সিএসকে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, নিজের পুরনো ছন্দেই রয়েছেন এই ব্যাটসম্যান। একের পর এক শট মারতে দেখা গিয়েছে তাঁকে। ভিডিয়োয় রায়নার মন্তব্য, “প্রচণ্ড উত্তেজিত। নিজেদের ডেরায় ফেরার অপেক্ষা করছি।”
In awe of the southpaw! #ChinnaThala - Coming 🔜! #WhistlePodu #Yellove 💛🦁 @ImRaina pic.twitter.com/GMbsqylDoe
— Chennai Super Kings (@ChennaiIPL) March 17, 2021
আইপিএলে এ বার কোনও দলই ঘরের মাঠে খেলার সুযোগ পাবে না। ফলে চেন্নাইবাসীর সুযোগ নেই চোখের সামনে ‘চিন্নাথালা’কে দেখার।