পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে ফের হারালেন প্রজ্ঞানন্দ। বিশ্ব দাবায় তাঁদের রেষারেষি নিয়ে আলোচনা নতুন নয়। তাতে আলাদা মাত্রা যোগ করল ভারতীয় গ্র্যান্ডমাস্টারের এই সাফল্য। নরওয়ে দাবায় এই নিয়ে দ্বিতীয় বার কার্লসেনকে হারালেন প্রজ্ঞা। এর আগে ২০২৪ সালে তিনি হারিয়েছিলেন তাঁকে। সে বার প্রথম ক্ল্যাসিকাল দাবায় প্রজ্ঞা হারান কার্লসেনকে। যাঁকে দাবার ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ধরা হয়।
এ বারের প্রতিযোগিতায় শুরু থেকেই ছন্দের অভাবে ভুগছেন কার্লসেন। প্রথমেই তাঁকে হারান আলিরেজ়া ফিরৌজ়া। শুধু ছন্দই নয়, পাশাপাশি সময়ের চাপও রাখতে সমস্যায় পড়ছেন কার্লসেন। গেমের বেশির ভাগ সময়ই নিয়ন্ত্রণ ছিল প্রজ্ঞার দখলে। কয়েক বার কার্লসেন সুযোগ তৈরি করেছিলেন কিন্তু শেষের দিকে তিনি সময়ের চাপে ভুল করে হার মেনে নেন প্রজ্ঞার কাছে। প্রজ্ঞার জয়ের পাশাপাশি ফিরৌজ়ার সঙ্গে ড্র করেছেন বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দাবাড়ু গুকেশ। তবে ক্ল্যাসিকাল গেমে ড্রয়ের পরে আর্মাগেডন টাইব্রেকে পয়েন্ট তুলে নেন ফিরৌজ়া।
মেয়েদের বিভাগে ইউক্রেনের আনা মুজ়িচুক এবং ভারতের কনেরু হাম্পি ক্ল্যাসিকাল গেমে ড্র করলেও পরে আর্মাগেডন টাইব্রেকে জিতে বেশি পয়েন্ট তুলে নেন মুজ়িচুক। আর এক ভারতীয় দিব্যা দেশমুখ এবং শীর্ষে থাকা বিবিসারা আসায়ুবায়েভা ক্ল্যাসিকাল গেম ড্র করার পরে টাইব্রেকে জেতেন দিব্যা। তৃতীয় রাউন্ডের পরে শীর্ষে বিবিসারা। তাঁর পরে আছেন ঝু জিনার এবং দিব্যা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)