Advertisement
E-Paper

অস্ট্রেলিয়ান ওপেন জয় স্মরণীয় করে রাখতে ট্যাটু করাবেন আলকারাজ়, বেছে ফেলেছেন ছবিও

অস্ট্রেলিয়ান ওপেন জিতে স্বপ্ন পূরণ হয়েছে কার্লোস আলকারাজ়। সারারাত মেলবোর্নের হোটেলে টিম এবং পরিবারের সদস্যের নিয়ে উদ্‌যাপন করেছেন। সমাজমাধ্যমে লিখেছেন নিজের অনুভূতির কথা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৯
Picture of Tennis

অস্ট্রেলিয়ান ওপেনের ফটোশুটে কার্লোস আলকারাজ়। ছবি: রয়টার্স।

প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জয় স্মরণীয় করে রাখতে চান কার্লোস আলকারাজ়। একটি বিশেষ ট্যাটু করানোর সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়। রবিবার কনিষ্ঠতম টেনিস খেলোয়াড় হিসাবে কেরিয়ার স্ল্যাম পূর্ণ করেছেন স্পেনের ২২ বছরের তারকা।

বাকি তিনটি গ্র্যান্ড স্ল্যাম দু’বার করে জেতা হয়ে গেলেও বাকি ছিল অস্ট্রেলিয়ান ওপেন জয়। মেলবোর্নে পঞ্চম বার খেলতে এসে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন আলকারাজ়। অস্ট্রেলিয়ান ওপেন তাঁর কেরিয়ার স্ল্যাম পূর্ণ করেছে। এই জয়কে স্মরণীয় করে রাখতে একটি ট্যাটু করানোর সিদ্ধান্ত নিয়েছেন আলকারাজ়।

এক সাক্ষাৎকারে আলকারাজ় বলেছেন, ‘‘একটা ট্যাটু করাব। ক্যাঙারুর ছবি আঁকাব। নতুন ট্যাটুটা শরীরের কোথায় করাব, সেটা এখনও ঠিক করিনি। হয়তো পায়েই ট্যাটুটা করব। কাফ মাসলে করাতে পারি। কোন পায়ের কাপ মাসল, এটা বলতে পারব না।’’ অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী ক্যাঙারু। তাদের জাতীয় প্রতীকেও ক্যাঙারু রয়েছে। তাই প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জয়ে উচ্ছ্বসিত আলকারাজ় শরীরে ক্যাঙারুর ছবি আঁকানোর সিদ্ধান্ত নিয়েছেন।

অস্ট্রেলিয়ান ওপেন জয় নিয়ে সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘বিশ্বাস করতে পারছি না, আমি সত্যিই ট্রফিটা জিতেছি। আমার আরও একটা স্বপ্ন সত্যি হল। আমার কেরিয়ার স্ল্যাম হল। অসাধারণ মুহূর্ত। দারুণ উপভোগ করছি। মেলবোর্নে যে সমর্থন এবং ভালবাসা পেয়েছি, সেটাও ভুলতে পারছি না।’’

নোভাক জোকোভিচকে ফাইনালে হারিয়ে রবিবার সারারাত মেলবোর্নের হোটেলেই কাটিয়েছেন আলকারাজ়। অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টিম এবং পরিবারের সদস্যদের নিয়ে জয় উদ্‌যাপন করেছেন আলকারাজ়। পিৎজ়া, বিয়ার এবং শ্যাম্পেনের ব্যবস্থা ছিল।

Carlos Alcaraz Australian Open 2026 tattoo Tennis
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy