E-Paper

জীবনকৃতি পাচ্ছেন দ্রাবিড়, বর্ষসেরার পুরস্কার শুভমনকে

ক্রিকেট দুনিয়া তাঁকে চেনে ‘দ্য ওয়াল’ বলে। একটা সময় ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভ ছিলেন দ্রাবিড়। এই কিংবদন্তি ব্যাটসম্যানের সংগ্রহে রয়েছে ১৩ হাজারের বেশি টেস্ট রান।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ০৯:১৩
(বাঁ দিকে) রাহুল দ্রাবিড় এবং শুভমন গিল (ডান দিকে)।

(বাঁ দিকে) রাহুল দ্রাবিড় এবং শুভমন গিল (ডান দিকে)। — ফাইল চিত্র।

ভারতীয় ক্রিকেটে তিনি ব্যাটসম্যান হিসেবে যেমন নিজের ছাপ রেখে গিয়েছেন, সে রকম কোচ হিসেবেও রেখেছেন। সেই রাহুল দ্রাবিড়কে এ বার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জীবনকৃতি পুরস্কার দেওয়া হচ্ছে। একইসঙ্গে শুভমন গিল পাবেন বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার।

ক্রিকেট দুনিয়া তাঁকে চেনে ‘দ্য ওয়াল’ বলে। একটা সময় ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভ ছিলেন দ্রাবিড়। এই কিংবদন্তি ব্যাটসম্যানের সংগ্রহে রয়েছে ১৩ হাজারের বেশি টেস্ট রান। এক দিনের ক্রিকেটে করেছেন ১০ হাজারের বেশি রান। প্রায় ১৬ বছর ধরে ভারতীয় ক্রিকেটের মাঝের সারির ব্যাটিংয়ের স্তম্ভ ছিলেন দ্রাবিড়।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও ভারতীয় ক্রিকেটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়নি দ্রাবিড়ের। নতুন ভূমিকায় ভারতীয় ক্রিকেটের পাশে দাঁড়ান তিনি। প্রথমে অনূর্ধ্ব-১৯ এবং ভারতীয় ‘এ’ দলের সঙ্গে কাজ করেন। প্রতিভা তুলে আনার কাজে ডুবিয়ে দেন নিজেকে। এর পরে ভারতীয় দলের কোচ হিসেবেও দায়িত্ব নেন দ্রাবিড়। ২০২৪ সালে ভারতীয় দলকে সাফল্যের সর্বোচ্চ শিখরে নিয়ে যান তিনি। যখন তাঁর কোচিংয়ে রোহিত শর্মার দল জিতে নেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগের বছর এক দিনের বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন দ্রাবিড়।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে বর্তমান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের মুখেও শোনা গিয়েছে দ্রাবিড়ের প্রশংসা। সাংবাদিক বৈঠকে গম্ভীর বলেছিলেন, ‘‘আমার উচিত এই ট্রফিটা রাহুল (দ্রাবিড়) ভাই এবং তার পরে (ভি ভি এস) লক্ষ্মণ ভাইকে উৎসর্গ করা।’’ এও বলেন, ‘‘ভারতীয় ক্রিকেটকে ঠিক রাস্তা দেখিয়েছিল রাহুল ভাই। কোচ হিসেবে রাহুল ভাই যে অবদান রেখেছে, তার জন্য ধন্যবাদ জানাতেই হবে।’’ দ্রাবিড়ের আগে এই পুরস্কার পেয়েছিলেন কপিল দেব, সুনীল গাওস্কর, রবি শাস্ত্রী, কৃষ্ণমাচারী শ্রীকান্ত, সচিন তেন্ডুলকর এবং অঞ্জুম চোপড়া। ১৫ মার্চ, ভারতীয় বোর্ডের বার্ষিক অনুষ্ঠানে দ্রাবিড়ের হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার।

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ না পেলেও ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা পুরস্কারটি পেতে চলেছেন শুভমন গিল। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, শুভমন পাবেন বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। টি-টোয়েন্টি দলে সুযোগ না পেলেও টেস্ট এবং একদিনের ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেন শুভমন। টেস্ট এবং একদিনের ক্রিকেটে যথেষ্ট সফল তিনি। বিশেষ করে টেস্টে। গত এক বছরে টেস্টে শুভমনের সংগ্রহ ৯৮৩ রান। যার মধ্যে ৭৫৪ রানই করেছিলেন ইংল্যান্ড সফরে। এক দিনের ক্রিকেটে এক বছরে সংগ্রহ ৪৯০ রান।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Rahul Dravid Shubham Gill

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy