Advertisement
E-Paper

নিখুঁত ছবি তুলতে ক্যামেরায় কৃত্রিম মেধা, ভিডিয়োর নীচে সাবটাইটেল! ফের বদলে গেল অ্যাপ্‌ল আইফোন

আইফোনে ফের নতুন অপারেটিং সিস্টেম এনেছে অ্যাপ্‌ল। তাতে কতটা বদলাচ্ছে মার্কিন টেক জায়ান্টের মুঠোবন্দি ডিভাইস?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১৫:৫৭
Representative Picture

—প্রতীকী চিত্র।

ফের বদলাচ্ছে আইফোনের সফ্‌টঅয়্যার। অ্যাপ্‌লের মুঠোবন্দি ডিভাইসে এ বার আইওএস ২৭-এর স্বাদ পাবেন গ্রাহক। নতুন অপারেটিং সিস্টেমে বেশ কিছু বড় বদল এনেছে মার্কিন টেক জায়ান্ট। তার মধ্যে প্রথমেই বলতে হবে কৃত্রিম মেধা বা এআইয়ের (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহার।

অ্যাপ্‌ল জানিয়েছেন, আইওএস ২৭-এ দুর্দান্ত পারফরম্যান্স করবে তাদের এআই টুল সিরি। যদিও টেক বিশ্লেষকদের একাংশের দাবি, আইফোনে কৃত্রিম মেধার পরিষেবার বড় অংশই এখনও দিচ্ছে গুগ্‌ল জেমিনাই। তবে নতুন অপারেটিং সিস্টেমে আগের তুলনায় সিরির উন্নত রূপ দেখা যাবে বলে জানিয়েছেন তাঁরা।

দ্বিতীয়ত, নতুন ব্যবস্থায় ‘প্যারালাল ভিউ ফর ল্যান্ডস্কেপ’ নামের একটি ব্যবস্থা রেখেছে অ্যাপ্‌ল। টেক বিশ্লেষকদের কাছে, এই বদলও তেমন আহামরি নয়। তাঁদের যুক্তি, ৫-১০ বছর আগে এই অপারেটিং সিস্টেম প্রথম বার বাজারে আনে অ্যান্ড্রয়েড। তাতে স্পিড স্ক্রিনের সুবিধা পেতেন গ্রাহক। নাম বদলে সেটাই এ বার আইফোনে চালু করল সংশ্লিষ্ট মার্কিন টেক জায়ান্ট।

আইওএস ২৭-এর দৌলতে সমস্ত ভিডিয়োতেই নিজে থেকে সাবটাইটেল পেয়ে যাবেন ব্যবহারকারী। এত দিন আইফোনের কি বা বাটনে সীমাবদ্ধ ছিল ভিস্যুয়াল ইন্টেলিজেন্স। সেটাকে এ বার সরাসরি ক্যামেরা অ্যাপে যুক্ত করে দিয়েছে অ্যাপ্‌ল। ছবির ক্ষেত্রে অবশ্য বহুল পরিমাণে কৃত্রিম মেধা ব্যবহার করবে এই অপারেটিং সিস্টেম। ফলে আরও ঝকঝকে ছবি ও ভিডিয়ো যে ব্যবহারকারী পাবেন, তা বলাই বাহুল্য।

২০তম বর্ষপূর্তিতে আইফোন-২০ বাজারে আনার কথা ঘোষণা করেছে অ্যাপ্‌ল। মার্কিন টেক জায়ান্ট সূত্রে খবর, নতুন প্রজন্মের মুঠোবন্দি ডিভাইসটিতে থাকছে বেশ কয়েকটি বড় ধরনের পরিবর্তন। এর মধ্যে অন্যতম হল বাঁকানো বা কোয়াড-কার্ভড ডিসপ্লে। অ্যাপ্‌লের দেখাদেখি এই প্রযুক্তি কি এ বার চালু হবে অ্যান্ড্রয়েড ফোনেও? উঠছে সেই প্রশ্নও।

কার্ভড ডিসপ্লের পাশাপাশি ওলেট প্যানেলের স্বাদ পাবেন আইফোন-২০র গ্রাহক। অ্যাপ্‌লের ফোনের ডিসপ্লেতে থাকে অ্যান্টি রিফ্লেক্টিং কোটিং। সূত্রের খবর, ২০তম বর্ষপূর্তিতে বাজারে আসা নতুন মুঠোবন্দি ডিভাইসে থাকছে তার উন্নত সংস্করণ। তা ছাড়া, আইফোন-২০তে আন্ডার ডিসপ্লে ফেস আইডির সুবিধাও রেখেছে নির্মাণকারী মার্কিন টেক জায়ান্ট।

বাজার কাঁপাতে চলা নতুন মুঠোবন্দি ডিভাইসটিতে এ২১ বায়োনিক প্রসেসার ব্যবহার করেছে অ্যাপ্‌ল। পশ্চিমি গণমাধ্যমগুলি জানিয়েছে, আইফোন-২০তে ক্যামেরার অবস্থান পুরোপুরি বদলাচ্ছে এই মার্কিন টেক জায়ান্ট। সংশ্লিষ্ট ডিভাইসটিতে থাকবে অনুভূমিক (হরাইজ়েন্টাল) ক্যামেরা।

Apple iphone IoS Smartphone Android Phone
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy