চোখে থাকলেই কেল্লাফতে! ফোন পকেটে রেখে দিব্যি তাতে কথা বলতে পারবেন গ্রাহক। তোলা যাবে ছবি বা ভিডিয়ো। আছে গান শোনা ও কণ্ঠস্বর নির্দেশের (ভয়েস কমান্ড) সুবিধা। এ-হেন অত্যাধুনিক প্রযুক্তির স্মার্ট চশমা এ বার বাজারে আনছে অ্যাপ্ল। কবে থেকে তা কিনতে পারবে আমজনতা? লাগবে কত টাকা? আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে রইল তার হদিস।
অ্যাপ্ল নির্মিত ওই স্মার্ট চশমার পোশাকি নাম ‘এন৫০’। জনপ্রিয় মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শেষের দিকে সংশ্লিষ্ট ডিভাইসটিকে বাজারে আনার পরিকল্পনা করে তারা। কিন্তু, নানা কারণে সেই তারিখ পিছিয়ে গিয়েছে। সূত্রের খবর, আগামী বছরের (২০২৭ সাল) গোড়াতেই সংশ্লিষ্ট ডিভাইস বাজারে আনবে আমেরিকার টেক জায়ান্ট।
আরও পড়ুন:
ব্লুমবার্গ জানিয়েছে, অ্যাপ্লের স্মার্ট চশমায় থাকবে ডিম্বাকৃতি ক্যামেরা। গ্রাহকদের পছন্দের কথা মাথায় রেখে একাধিক ফ্রেম এবং রঙের ডিভাইস তৈরি করছে তারা। শুধু তা-ই নয়, আগামী দিনে একে স্বাস্থ্য বিষয়ক একটি যন্ত্রে পরিণত করার ইচ্ছা আছে তাদের। সেটা গ্রাহকদের দেখার ক্ষমতাকে উন্নত করবে বলেই মনে করে সংশ্লিষ্ট মার্কিন টেক জায়ান্ট।
বিশ্লেষকদের অনুমান, অ্যাপ্ল স্মার্ট চশমার দাম ২০০ থেকে ৫০০ ডলারের মধ্যে ঘোরাফেরা করবে, ভারতীয় মুদ্রায় যেটা প্রায় ১৯,০০০ থেকে ৪৭,০০০ টাকা। এই ডিভাইস বাজারে এলে প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারে রে-ব্যান, ওকলি, পার্সোল, অলিভার, পিপলস, স্যাফিলো এবং ওয়ারবি-র মতো চশমার জনপ্রিয় ব্র্যান্ড।
আরও পড়ুন:
২০১৫ সালে স্মার্ট ঘড়ি বাজারে আনে অ্যাপ্ল। সঙ্গে সঙ্গে সেটা কেনার জন্য গ্রাহকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ওই সময় অতিরিক্ত বিলাসবহুল সময়যন্ত্র তৈরির দিকে নজর দেয়নি সংশ্লিষ্ট মার্কিন টেক জায়ান্ট। সেই একই স্ট্র্যাটেজি স্মার্ট চশমার ক্ষেত্রেও তারা নেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।