আমেরিকা যেতে চান? ব্রিটেন কিংবা আয়ারল্যান্ড? কাজের সুবাদে বা ভ্রমণের জন্য দেশান্তরে পাড়ি দেওয়া এবার আরও একটু সহজ হল ভারতীয়দের জন্য।
ভারতীয়দের জন্য এয়ারপোর্ট ট্রানজ়িট ভিসা তুলে দেওয়া হল জার্মানিতে। ৩ জুন বুধবার থেকেই নতুন নিয়ম চালু হয়েছে। ফলে, ভারতীয় পাসপোর্টধারীদের আর ট্রানজ়িট ভিসার প্রয়োজন হবে না এই দেশে। ফলে ফ্রাঙ্কফুর্ট, মিউনিখের মতো বিমানবন্দর ব্যবহার করে ভিন দেশে যাওয়া আরও সহজ হল। এত দিন জার্মানির এই বিমানবন্দরগুলি ব্যবহার করে অন্য দেশে যেতে হলে ভারতীয়দের ট্রানজ়িট ভিসা নিতে হত। ফর্ম পূরণ, দীর্ঘ লাইনের ঝক্কির পাশাপাশি বাড়তি খরচেও ধাক্কাও ছিল এ জন্য। সস্তার উড়ান থাকলেও এই ঝামেলার এবং বাড়তি খরচের জন্যই জার্মানির বিমানবন্দরগুলি এড়িয়ে চলতেন অনেকে। তবে এখন আর সেই ঝক্কি নেই। কোনও ভারতীয় যদি জার্মানির ফ্রাঙ্কফুর্ট বা মিউনিখ বিমানবন্দর হয়ে আমেরিকা যাওয়ার পরিকল্পনা করেন, তাঁকে আর ট্রানজ়িট ভিসা করতে হবে না, ফলে খরচও বাঁচবে।
আরও পড়ুন:
বিশ্বের নানা প্রান্তে বহু দেশেই কাজ, পড়াশোনা এবং ভ্রমণের জন্য যান ভারতীয়েরা। আগে সস্তার উড়ান পেলেও ট্রানজ়িট ভিসার খরচের ভয়েই অনেকে জার্মানি হয়ে যাওয়ার কথা ভাবতে পারতেন না। তবে এবার যে সব দেশে ভারতীয়েরা সহজে ভিসা পান, সেখানে যাওয়ার জন্য জার্মানির বিমানবন্দরগুলি সেরা বিকল্প হয়ে উঠতে পারে।
এর আওতায় কোন সুবিধা মিলবে না
ট্রানজ়িট ভিসা তুলে দেওয়ার অর্থ কিন্তু বিনা ভিসায় জার্মানিতে প্রবেশাধিকার নয়। ভিসা ছাড়া রাতভর বিমানবন্দরে থাকা গেলেও বাইরে বেরোনো যাবে না। বিমাবন্দরের বাইরে ঘুরতে হলে, শেনজেন ভুক্ত যে কোনও দেশে যেতে হলে, জার্মানি গন্তব্য হলে ট্রানজ়িট ভিসার দরকার পড়বে।