এয়ারটেল না জিয়ো, গ্রাহকসংখ্যার নিরিখে কে এগিয়ে? চলতি বছরের এপ্রিলের রিপোর্টে স্পষ্ট হয়েছে সেই ছবি। সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ওই মাসে ৩১ লক্ষ নতুন গ্রাহক পেয়েছে এয়ারটেল। সেখানে জিয়োর টেলি পরিষেবা বেছে নিয়েছেন ২৯ লক্ষ মানুষ।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বিএসএনএলের নাম। সরকারি সংস্থাটির পরিষেবা ব্যবহার করছেন ৭৬,১৭৫ জন নতুন গ্রাহক। এ ছাড়া আর্থিক সঙ্কটে ভুগতে থাকা ভোডাফোনের সিমকার্ড কিনেছেন ৫৩,২৫৭ জন। জিয়োর ক্রেতা কমলেও ভারতের সিমের বাজার চাঙ্গা আছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
সূত্রের খবর, মূল্যবৃদ্ধির বাজারে স্মার্টফোন রিচার্জের খরচ বাড়াতে চলেছে জিয়ো বা এয়ারটেলের মতো টেলি সংস্থা। ৫জি নেটওয়ার্কের সুবিধা পেতে আগামী দিনে দিতে হবে আরও বেশি টাকা। শুধু তা-ই নয়, আনলিমিটেড ৫জি নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা থেকেও বঞ্চিত হবেন গ্রাহক।
কয়েক বছর আগে খুব ধুমধাম করে ভারতে চালু হয় ৫জি পরিষেবা। ফলে একধাক্কায় অনেকটা বেড়ে যায় ইন্টারনেটের গতি। ওই সময় গ্রাহক টানতে আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধাযুক্ত একাধিক প্ল্যান বাজারে আনে জিয়ো ও এয়ারটেলের মতো সংস্থা। এতে বেজায় খুশি হন ব্যবহারকারীরা। তড়িঘড়ি ৪জি ছেড়ে ৫জি নেটওয়ার্কের দিকে পুরোপুরি ঝুঁকে পড়েন তাঁরা।
আরও পড়ুন:
কিন্তু, ব্যাপক সস্তায় ইন্টারনেট পরিষেবা চালু রেখে একেবারেই খুশি ছিল না জিয়ো ও এয়ারটেল। আর তাই ৫জি পরিষেবার বড় বদল আনতে চলেছে তারা। সূত্রের খবর, আগামী দিনে পুরোপুরি বন্ধ হবে আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা। সেই জায়গায় গ্রাহকদের জন্য প্রিমিয়াম প্ল্যান নিয়ে আসবে জিয়ো ও এয়ারটেলের মতো মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা।