Advertisement
E-Paper

তৃণমূলে ইস্তফার পর্ব চলছেই! দল এবং মেয়রের বিরুদ্ধে আঙুল তুলে পদত্যাগ কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারকের

দিন কয়েক আগেই ইস্তফা দিয়েছিলেন অরূপ চক্রবর্তী, সুশান্ত ঘোষ এবং দেবলীনা বিশ্বাস। এ বার সেই পথেই হাঁটলেন মেয়র পারিষদ তারক সিংহও। মঙ্গলবার পুরসভায় গিয়ে ইস্তফাপত্র জমা দিয়ে এলেন তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৫:৪৩
TMC mayor in Council Tarak Singh resign from Kolkata Municipal corporation

কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিংহ। —ফাইল চিত্র।

বিধানসভা ভোটে দলের হারের পর থেকে বহু তৃণমূলের কাউন্সিলর পদত্যাগ করা শুরু করেছেন। সেই তালিকায় এ বার নাম জুড়ল কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) তারক সিংহও। রাজ্যে ক্ষমতা হাতছাড়া হলেও পুরসভাগুলি এখনও তৃণমূলের দখলে। কিন্তু সেখানেও ভাঙন ধরতে শুরু করেছে। দিন কয়েক আগেই কলকাতার পুরসভার অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূলের অন্যতম মুখপাত্র তথা কাউন্সিলর অরূপ চক্রবর্তী এবং বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন সুশান্ত ঘোষ এবং দেবলীনা বিশ্বাস। এ বার সেই পথেই হাঁটলেন মেয়র পারিষদ তারক সিংহও। মঙ্গলবার পুরসভায় গিয়ে ইস্তফাপত্র জমা দিয়ে এলেন তিনি।

সম্প্রতি দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছিলেন তারক। দলের ভূমিকা এবং কর্মকাণ্ড নিয়ে তৃণমূল নেত্রী এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন তাঁর নিশানায়। এই কঠিন মুহূর্তে দলীয় কর্মীদের বিরুদ্ধে দলের শীর্ষ নেতৃত্ব পাশে দাঁড়াচ্ছেন না বলেও অভিযোগ তোলেন তারক। দলের বিরুদ্ধে মুখ খোলার পর থেকেই জল্পনা বাড়ছিল। প্রশ্ন উঠছিল, এ বার কি তা হলে তারকও অরূপ, সুশান্তদের রাস্তায় হাঁটবেন? অবশেষে সেই জল্পনা সত্যি করেই মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা দিলেন তারক। প্রসঙ্গত, ৯০-এর দশক থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তারক। ১৯৯৫ সালে ১১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন তিনি। পরে তৃণমূল কংগ্রেস গঠনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ২০১০ সালে ১১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হন তিনি। ১১৮ নম্বর ওয়ার্ড থেকে ২০১৫ এবং ২০২১ সালে জেতেন তারক। পরে মেয়র পারিষদ (বাজার, নিকাশি) হয়েছিলেন। পদত্যাগের আগে পর্যন্ত তিনি মেয়র পারিষদ (নিকাশি) ছিলেন। সূত্রের খবর, ঘনিষ্ঠমহলে তারক বহু বার বলেছিলেন, বিধানসভার টিকিট পাওয়ার আশা করেছিলেন তিনি। এ বারের বিধানসভা নির্বাচনে দল হেরে যাওয়ার পর শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারক।

Tarak Singh KMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy