ভারতীয় ক্রিকেটে দল নির্বাচন ঘিরে নাটক চলছে। ৬ জুন থেকে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট খেলবে ভারত। সেই দলে প্রথমে নেওয়া হয়নি আকিব নবিকে। এই ঘটনায় বিতর্ক হয়েছিল। আবার নেওয়া হয়েছে জম্মু-কাশ্মীরের পেসারকে। তবে সরাসরি খেলার সুযোগ পাবেন না তিনি।
‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, নবিকে আবার দলে নেওয়া হয়েছে। কিন্তু তিনি রয়েছেন রিজ়ার্ভ বেঞ্চে। অর্থাৎ, কোনও পেসার চোট পেয়ে বাদ পড়লে তবেই তিনি খেলতে পারবেন। যেহেতু একটি টেস্ট, তাই কোনও ক্রিকেটারের চোট পাওয়ার সে রকম সম্ভাবনা নেই। ফলে সুযোগ পেলেও হয়তো অভিষেক হবে না নবির।
ভারতের দল নির্বাচনের সময় শোনা যায়নি নবির নাম। সেই সময় নির্বাচক প্রধান অজিত আগরকর বলেছিলেন, “গত দু’বছর ঘরোয়া মরসুমে দুর্দান্ত খেলেছে নবি। ওকে নিয়ে আলোচনা হবেই। কিন্তু ভারতের মাটিতে খেলা হলে বেশি পেসারকে সুযোগ দেওয়া যায় না। দলের ভারসাম্যের কারণেই নবিকে বাদ দেওয়া হয়েছে।”
আরও পড়ুন:
নির্বাচকদের এই মনোভাব ভাল ভাবে নেননি ক্রিকেটপ্রেমীরা। তাঁদের মতে, ঘরোয়া ক্রিকেটই যদি ভারতীয় দলে ঢোকার মাপকাঠি হয় তা হলে নবি কেন সুযোগ পাবেন না। গত মরসুমে ১২.৫৭ গড়ে ৬০ উইকেট নিয়েছেন ২৪ বছর বয়সি এই পেসার। সেমিফাইনালে বাংলা ও ফাইনালে কর্নাটকের বিরুদ্ধেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। রঞ্জি জয়ের মূল নায়ক ছিলেন তিনি। তা হলে তাঁকে কেন সুয়োগ দেওয়া হবে না।
নবির বদলে সুযোগ দেওয়া হয় পঞ্জাবের পেসার গুর্নুর ব্রারকে। রঞ্জির গত মরসুমে ২১.২৬ গড়ে ২৩ উইকেট নিয়েছেন তিনি। ৬০ উইকেটের মালিককে বাদ দিয়ে ২৩ উইকেটের মালিককে নেওয়ায় আগরকরদের দিকে আঙুল উঠেছিল। ফলে তড়িঘড়ি আবার দলে নেওয়া হল নবিকে। কিন্তু তাঁর খেলার সম্ভাবনা কম।