গত এপ্রিলে ‘তারকাটা’ সিরিজ়ের শুটিং শেষ করেছেন। শোনা যাচ্ছে, এ বার তিনি নাকি নতুন ছবির শুটিং শুরু করবেন। প্রিয়াঙ্কা সরকার। সব ঠিক থাকলে এ বছরের পুজোয় তারকাদের ভিড়ে তিনিও থাকবেন! শোনা যাচ্ছে, ‘দেশু ৭’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।
প্রিয়াঙ্কার দেব-যোগ যদিও নতুন নয়। খবর, এর আগে তিনি নাকি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তবে সেই খবর অভিনেত্রীর ঘনিষ্ঠরা ছাড়া আর কেউ জানেন না। সোমবার থেকে শুরু হয়েছে দেবের পুজোর ছবি ‘দেশু ৭’-এর শুটিং। ফের শুভশ্রীর সঙ্গে জুটি বাঁধছেন দেব। রবিবার ছবির শুভ মহরত হয়েছে। পুজোয় এই ছবি দিয়েই দীর্ঘ সময় পরে বড়পর্দায় ফিরছেন টলিউডের একদা ‘নিষিদ্ধ’ অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এ ছাড়াও ছবিতে আছেন কাঞ্চন মল্লিক।
দেব-শুভশ্রী সঙ্গে সমান্তরাল চরিত্রেই কি দেখা যাবে প্রিয়াঙ্কাকে? তিনিও কি সোমবার থেকেই শুটিং শুরু করেছেন? এই বিষয়ে টুঁ শব্দ করেননি প্রিয়াঙ্কা। তবে এই ছবি দিয়ে প্রযোজনা, কার্যনির্বাহী পরিচালনার পর সরাসরি পরিচালকের আসনে দেব। ছবির চিত্রনাট্যকারও তিনি। ছবিটি মনে পড়াবে দেব-শুভশ্রীর অতি পরিচিত রোম্যান্টিক, অ্যাকশনধর্মী ছবিগুলিকে, নামঘোষণার সময় এমনই আভাস তাঁর।
আরও পড়ুন:
ছবির প্রযোজনা নিয়েও বিস্তর গুঞ্জন শোনা গিয়েছে। কখনও খবর ছড়িয়েছে, নন্দী মুভিজ় প্রযোজনা সংস্থার কর্ণধার প্রদীপ নন্দী দেবের সঙ্গে জুটি বাঁধবেন। কিছু দিন আগে শোনা গিয়েছে, প্রযোজক নিসপাল সিংহ রানে ছবিটির প্রযোজনা করতে পারেন। সেই সময়ে আনন্দবাজার ডট কম-কে দেবের পক্ষ থেকে জানানো হয়, শুরু থেকেই ছবির ঘোষিত প্রযোজক দেব। তিনিই ছবিটি প্রযোজনা করবেন।