Advertisement
E-Paper

অ্যাডভেঞ্চার ভালবাসেন? বয়স ৩০ পেরোনোর আগে ঘুরে আসতে পারেন দেশের এই ৫ ঠিকানায়

ভারতের এমন কিছু জায়গা আছে যেখানে ৩০ পেরোনোর আগেই যাওয়া ভাল। একটি তালিকা বানিয়ে ফেলুন যেখানে ৩০-এর আগে যেতেই হবে। কেবল ভ্রমণের অভিজ্ঞতাই নয়, এই সব স্থানে ঘোরার রোমাঞ্চ মনে থেকে যাবে সারা জীবন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৭
৩০-এর আগেই ঘুরে আসুন।

৩০-এর আগেই ঘুরে আসুন। ছবি: শাটারস্টক।

হাতে ক’টা দিন ছুটি পেলে অনেকেই আছেন যাঁরা লেপ মুড়ি দিয়ে ঘুমোতে ভালবাসেন। আবার কারও কাছে ছুটি পাওয়া মানেই লম্বা ভ্রমণের পরিকল্পনা করে ফেলা। কাজের মাঝে একটু বিরতি নিয়ে ঘুরে আসতে ক্ষতি কি? ভারতের এমন কিছু জায়গা আছে যেখানে বয়স ৩০ পেরোনোর আগেই যাওয়া ভাল। তেমন জায়গার একটি তালিকা বানিয়ে ফেলুন। এই সব স্থানে ঘোরার রোমাঞ্চ মনে থেকে যাবে সারা জীবন।

চেরাপুঞ্জির লিভিং রুট ব্রিজ: একটা সেতু। শুধুমাত্র জীবন্ত গাছের শিকড় দিয়ে তৈরি। অনায়াসে মানুষ ওই সেতু দিয়ে পারাপার করতে পারে। রাবার গাছের শেকড়গুলি পরস্পর জড়াজড়ি করে পাহাড়ি নদীর উপরে তৈরি করেছে এই সেতু। মেঘালয়ের মাওলিনং গ্রামের কাছে থাইলং নদীর উপরে রয়েছে এমনই এক লিভিং রুট ব্রিজ বা জীবন্ত শিকড় সেতু। ট্রেক করে এই লিভিং রুট ব্রিজে যেতে সময় লাগবে প্রায় ৩-৪ ঘণ্টা।

কুর্গ: পশ্চিমঘাট পর্বতের ঢালে কোদাগু জেলায় পাহাড়ঘেরা এক অনন্ত স্বপ্নের নাম কুর্গ। তার শরীর জুড়ে সবুজের আধিক্য এবং কাবেরীর স্পন্দন। ইদানীং ট্যুরিস্ট স্পট বাছতে গিয়ে বাঙালি কর্নাটকের এই মনোরম জায়গাটিতে একটু বেশিই টিকমার্ক বসাচ্ছে। উঁচু-নিচু পাহাড়, আঁকাবাঁকা পথ, বিরামহীন ছোট-ছোট ঝর্না, নদী, একরের পর একর জমিতে কফি চাষ— শহুরে কোলাহলের বাইরে যেন এক টুকরো স্বর্গ। মিলবে রিভার রাফটিং, জ়িপলিং, ট্রেকিং ও কায়াকিং-এর সুযোগ।

লাদাখ: মোটরসাইকেল নিয়ে লাদাখ বেড়াতে যাওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। রুক্ষ পাহাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের জন্য ভারত-সহ গোটা বিশ্বের পর্যটকদের পছন্দের গন্তব্য লাদাখ। কিন্তু মোটরসাইকেল নিয়ে লাদাখ যাওয়া মুখের কথা নয়। বাইক চালকদের কাছে এই যাত্রা খুবই রোমহর্ষক। জুনের মাঝামাঝি থেকে অক্টোবর পর্যন্ত এই রাস্তা খোলা থাকে। তবে বৃষ্টি, তুষারপাত ও ধসের কারণে মাঝে মাঝেই রাস্তা বন্ধ থাকে। তাই আগে থেকে কিছু পরিকল্পনা করে রাখা দরকার।

সোলং ভ্যালি: হিমাচল মানেই সিমলা, কুলু, মানালি নয়। মানালি থেকে লেহ-মানালি হাইওয়ে ধরে রোটাং পাস যাওয়ার পথে ১৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে সোলাং ভ্যালি। হিমাচলের আকর্ষণীয় জায়গাগুলির মধ্যে এটি অন্যতম। সমুদ্রতল থেকে ৮ হাজার ৪০০ ফুট উঁচুতে এর অবস্থান। রোটাং পাস খোলা থাক বা না থাক, ফেরাবে না সোলাং ভ্যালি। সব সময়ে জমজমাট থাকে এই উপত্যকা। কুলু জেলার সোলাং ভ্যালি অ্যাডভেঞ্চারপ্রেমীদের স্বর্গরাজ্য। পাহাড়ের চূড়া ছুঁয়ে ঘন জঙ্গলের মাথার উপর দিয়ে প্যারাগ্লাইডিং করে ডানা মেলে পাখির মতো ওড়ার মজাই আলাদা! এ ছাড়াও রয়েছে ট্রেকিং, ক্যাম্পিং করার সুযোগ।

স্পিতি উপত্যকা: হিমাচল প্রদেশের এই ঠিকানায় গেলে মনে হবে যেন স্বর্গরাজ্যে চলে এসেছেন। স্পিতি উপত্যকা হিমালয়ের মাঝখানে অবস্থিত। এটি ভারতের সবচেয়ে সুন্দর স্থানগুলির মধ্যে একটি। এই অঞ্চলটি দর্শনীয় তুষারাবৃত শৃঙ্গ, উঁচু পাহাড়ি পথ এবং শান্ত হ্রদের আবাসস্থল। বয়স ৩০ পেরোনোর আগেই ঘুরে আসতে পারেন এই ঠিকানা থেকে।

Winter Travel Destination
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy