সাইবার প্রতারণার ঘটনা অব্যাহত বিধাননগরে। এ বার কেওয়াইসি আপডেট এবং বিনিয়োগের নামে প্রতারণার ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রের খবর, চলতি মাসে একটি ব্যাঙ্কের লোগো দেওয়া নম্বর থেকে নিউ টাউনের এক বাসিন্দার কাছে ফোন আসে। বলা হয়, কেওয়াইসি আপডেট করতে হবে। তার জন্য একটি লিঙ্ক পাঠানো হয়। সেই লিঙ্কে ক্লিক করার পরে তাঁর ক্রেডিট কার্ড এবং অ্যাকাউন্ট থেকে দফায় দফায় সাড়ে তিন লক্ষেরও বেশি টাকা উধাও হয়ে যায়। ওই ব্যক্তি দ্রুত ব্যাঙ্কে এবং ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ জানান। এর পরে তিনি নিউ টাউন থানাতেও অভিযোগ দায়ের করেন।
এর পাশাপাশি, চলতি সপ্তাহে সাইবার প্রতারণা সংক্রান্ত আরও একটি অভিযোগ জমা পড়েছে। রাজারহাটের এক বাসিন্দা সেই অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রের খবর, অভিযোগকারীর সঙ্গে ওয়টস্যাপের মাধ্যমে এক ব্যক্তির যোগাযোগ হয়। সে বিনিয়োগ সংক্রান্ত বিষয়ের বিশেষজ্ঞ বলে নিজের পরিচয় দিয়েছিল। সেই লোকটির সূত্রেই প্রতারণার ফাঁদ পাতা হয়। এর পরে অভিযোগকারীকে একটি ওয়টস্যাপ গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়। তাঁকে একটি প্ল্যাটফর্মে ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হলা হয়। এর জন্য অভিযোগকারীকে একটি অ্যাপ ও লিঙ্ক পাঠানো হয়। তিনি ওই প্রতারকদের কথায় সেখানে সাড়ে ৩১ লক্ষেরও বেশি টাকা বিনিয়োগ করেন বাড়তি লাভের আশায়। এর পরে বিনিয়োগ করা টাকা তুলতে গিয়ে ব্যর্থ হওয়ায় প্রতারণার বিষয়টি বুঝতে পারেন তিনি।
পুলিশ জানিয়েছে, দু’টি ঘটনারই তদন্ত শুরু হয়েছে। সব রকম ভাবে চেষ্টা করা হচ্ছে খোয়া যাওয়া টাকা ফেরানোর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)