এসি বিস্ফোরণে মৃত্যু ঘটল অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক এবং ভারতীয় প্রতিযোগিতা কমিশনের (সিসিআই) প্রথম চেয়ারম্যান ধনেন্দ্র কুমারের। রাজধানীর বুকে অভিজাত এলাকা হজ খাসের বাড়িতে বৃহস্পতিবার রাত প্রায় ১১টা নাগাদ শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রে বিস্ফোরণ ঘটে। তাতেই মারা যান অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় আমলা। দুর্ঘটনার পর তাঁর পরিবারের পক্ষ থেকে সংবাদমাধ্যমে বিবৃতি দেওয়া হয়েছে। সেই সংক্রান্ত একটি ভিডিয়ো পোস্ট করেছে সংবাদসংস্থা পিটিআই। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদ প্রতিবেদন অনুসারে, বিস্ফোরণের পর ৮০ বছর বয়সি প্রাক্তন আইএএস অফিসার এবং তাঁর ছেলেকে নিকটবর্তী একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে আগুন লাগার পরে প্রচুর পরিমাণে ধোঁয়া ধনেন্দ্রর ফুসফুসে ঢুকে গিয়েছিল। সে কারণে চিকিৎসা করেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। তাঁর ছেলে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি স্থিতিশীল বলে জানা গিয়েছে। ঘটনার সময় পরিবারের সদস্য ও গৃহকর্মী-সহ মোট পাঁচ জন বাড়িটিতে উপস্থিত ছিলেন।
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, একটি এয়ার কন্ডিশনারের ইনডোর ইউনিটে বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত। বিভিন্ন সংবাদ প্রতিবেদনে দুর্ঘটনার যে সমস্ত ছবি প্রকাশিত হয়েছে তাতে দেখা গিয়েছে প্রাক্তন আমলার বাড়িটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। মেঝে ও দেওয়াল পুরু ছাই ও ধ্বংসস্তূপে ঢাকা পড়েছে। মাটিতে পোড়া কাপড়ের স্তূপ ও একটি স্যুটকেসও পড়ে থাকতে দেখা গিয়েছে।
১৯৬৮ ব্যাচের আইএএস কর্মকর্তা হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন ধনেন্দ্র। কেন্দ্রীয় ও হরিয়ানা সরকারের বেশ কয়েকটি উচ্চ পদে দায়িত্ব পেয়েছিলেন। প্রতিরক্ষা, সড়ক পরিবহণ এবং সংস্কৃতি মন্ত্রক-সহ বেশ কয়েকটি কেন্দ্রীয় সরকারি মন্ত্রকে সচিব হিসাবেও দায়িত্ব পালন করেছেন। পরবর্তী কালে তিনি দেশের প্রতিযোগিতা আইন এবং অর্থনৈতিক সংস্কার সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে মুখ্য ভূমিকা পালন করেন ধনেন্দ্র। এসি বিস্ফোরণ নিয়ে অনেকের মনে সন্দেহ তৈরি হলেও অন্তর্ঘাতের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন পুলিশ ও তদন্তকারী আধিকারিকেরা।