Advertisement
E-Paper

প্রাক্-বিবাহ ছবির জন্য কাদাজলে ‘মড়ার’ মতো শুয়ে রইলেন যুগল! ভিডিয়ো ছড়াতেই তাজ্জব নেটপাড়া

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ধবধবে সাদা পোশাকে এক যুগল হাতে হাত ধরে ‘মড়ার’ মতো স্থির হয়ে জলে ভাসছেন। একদল চিত্রগ্রাহক হাঁটুসমান কাদায় দাঁড়িয়ে পেশাদারি মনোযোগের সঙ্গে তরুণ-তরুণীর ছবি তুলে চলেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৬:৩৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কাদাগোলা জল। আর সেই ঘোলাটে নোংরা জলের মধ্যেই সাদা পোশাকে ‘মৃতবৎ’ শুয়ে রয়েছেন তরুণ-তরুণী। তাঁদের সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন কয়েক জন। দম্পতি চোখ বন্ধ করে কাদাজলের উপর স্থির ভাবে ভাসছেন, যেন তাঁরা এক জায়গায় আটকে গিয়েছেন। এমনই একটি অদ্ভুত ভিডিয়ো ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি কবে বা কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে সেই তথ্য পাওয়া যায়নি।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ধবধবে সাদা পোশাকে এক যুগল হাতে হাত ধরে ‘মড়ার’ মতো স্থির হয়ে জলে ভাসছেন। একদল চিত্রগ্রাহক হাঁটুসমান কাদায় দাঁড়িয়ে পেশাদারি মনোযোগের সঙ্গে তরুণ-তরুণীর ছবি তুলে চলেছেন। সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই জুটি ‘চিরন্তন ভালবাসা’র একটি আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করছিলেন। কিন্তু ছবি তোলার স্থান নির্বাচন অদ্ভুত হওয়ায় তা নেটাগরিকদের নজর কেড়েছে।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলের ‘রোজ়ি_কে০১’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ফুটেজটি পোস্ট করে লেখা হয়েছে, ‘‘প্রাক্-বিবাহ ছবিগুলো বড্ড বেশি অদ্ভুত হয়ে যাচ্ছে।’’ প্রচুর মানুষ ভিডিয়োটি দেখেছেন। ১ হাজার ৬০০ নেটাগরিক এটি লাইক করেছেন। অনেক নেটমাধ্যম ব্যবহারকারীই এই দৃশ্যটিকে রোম্যান্টিক আবহের পরিবর্তে, কোনও থ্রিলারের দৃশ্য বা অপরাধ দৃশ্যের সঙ্গে তুলনা টেনেছেন। মজার মজার মন্তব্য জমা পড়েছে কমেন্টবক্সে। বিশেষ করে চিত্রগ্রাহকদের উদ্দেশে ভেসে এসেছে ব্যঙ্গোক্তিও। এক নেটাগরিক লিখেছেন, ‘‘যখন আপনি বন্যপ্রাণীর ছবি তোলার জন্য চিত্রগ্রাহক হতে শিখেছিলেন কিন্তু শেষ পর্যন্ত বিবাহ অনুষ্ঠানের চিত্রগ্রাহক হয়ে যান।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy